কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুরের মামলায় ৪ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরের কচুয়া বাজারের ইসলামীয়া হাসপাতালে হামলা, মারধর, ভাঙচুর, নগদ টাকা নিয়ে যাওয়া ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে দায়ের করা নালিশি মামলায় চার আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।

রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে আদালতের নাজির ফখরুদ্দিন স্বপন বিষয়টি নিশ্চিত করেন। গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিরা হলেন কচুয়া থানার করইশ গ্রামের তরিকুল ইসলাম, শফিকুল ইসলাম, শরীফুল ইসলাম ও গাজী গোলাম মোস্তফা।

আদালতে দাখিল করা অভিযোগে বলা হয়, কচুয়া বাজারের ইসলামীয়া হাসপাতালের তৃতীয় তলার অফিসকক্ষে অবস্থানকালে পূর্বপরিকল্পিতভাবে আসামিরা দলবদ্ধ হয়ে সেখানে প্রবেশ করেন। এ সময় বাদীকে হাসপাতাল থেকে সরিয়ে দেওয়ার উদ্দেশ্যে অশালীন আচরণ, গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শন করা হয়।

অভিযোগে আরও বলা হয়, একপর্যায়ে কয়েকজন আসামি লোহার রড ও কাঠের লাঠি দিয়ে বাদীর মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন এবং তার ডান বুকের পাঁজরের হাড় ভেঙে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এছাড়া আসামিরা হাসপাতালের ক্যাশবাক্স ভেঙে ১৫ লাখ টাকা নিয়ে যান এবং হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী ও রোগীদের মারধর করে বের করে দেন বলে অভিযোগ করা হয়। পরে হাসপাতালের মূল ফটকে তালা লাগিয়ে দেওয়ার অভিযোগও রয়েছে।

অভিযোগ অনুযায়ী, আহত বাদী চিকিৎসার জন্য কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে আসামিরা সেখানে গিয়েও তাকে ও তার স্বজনদের ভয়ভীতি প্রদর্শন করেন। মামলা করলে বাদী ও তার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেওয়ার অভিযোগও করা হয়েছে।

বাদী ওমর ফারুক মজুমদারের দাবি, ঘটনার পর থানায় মামলা নিতে বিলম্ব হওয়ায় তিনি আদালতের শরণাপন্ন হন।

আদালত অভিযোগের বিষয়ে তিনজন সাক্ষীর জবানবন্দি গ্রহণ করেন। একই সঙ্গে বাদীর দাখিল করা জখমের সনদ পর্যালোচনা করেন। সাক্ষীদের জবানবন্দি, জখমের সনদসহ উপস্থাপিত কাগজপত্র পর্যালোচনা শেষে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মুজাহিদুর রহমান চার আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights