কবে মাঠে ফিরছেন তাসকিন?

অনলাইন ডেস্ক

ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে ইনজুরির কারণে দুই ম্যাচের টেস্ট সিরিজের স্কোয়াডে ছিলেন না তাসকিন আহমেদ। নিজেকে মাঠে ফেরার জন্য প্রস্তুত করতে মরিয়া এই পেসার। তাই চিকিৎসার জন্য চলতি মাসেই ইংল্যান্ড গিয়েছিলেন তাসকিন। সবমিলিয়ে সেখানে তিন জন ক্রীড়া ফিজিশিয়ানকে দেখান তিনি।

দেশে ফিরে বর্তমানে রিহ্যাভ পরিকল্পনা চালিয়ে যাচ্ছেন তাসকিন। মিরপুর শের-ই বাংলার মাঠে নিয়মিত অনুশীলন করছেন। মূলত রানিং সেশনে মনোযোগ তার।

বৃহস্পতিবার (১৫ মে) মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের ফেরার খবর জানিয়েছেন তাসকিন আহমেদ। তিনি বলেন, ‘এক্সাক্টলি কবে ফিরব এটা আসলে নির্দিষ্ট তারিখ বলাটা কঠিন। তবে সামনে শ্রীলঙ্কা সিরিজ দিয়ে ফেরার ইচ্ছা। জুনের প্রথম দিকে আশা করা যায়, যদি কোনো সমস্যা না থাকে। এভাবে যেমনে চলছে আমি খুশি আলহামদুলিল্লাহ। এখনো কোনো কমপ্লেইন নাই যদি এভাবে সুন্দর স্মুথলি যাই তাহলে তো খুবই ভালো।’

এর আগে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ফেরার পর সবশেষ ডিপিএলের বেশ কয়েকটি ম্যাচ খেলেন তাসকিন। পরে গোড়ালির চোটের কারণে বাংলাদেশের এই তারকা পেসার মাঠের বাইরে ছিটকে যান। ইংল্যান্ডে যাওয়ার আগে অবশ্য তাকে নিয়ে বিসিবির চিকিৎসক দেবাশীষ জানিয়েছিলেন, বাঁ পায়ের গোড়ালির হাড়ের অস্বাভাবিক বৃদ্ধি নিয়েই তাকে চলতে হবে, খেলতে হবে এটাকে ম্যানেজ করে। তাসকিনের ব্যথাটা আসলে যাওয়া-আসার মধ্যে থাকবে, ওকে ম্যানেজ করে খেলতে হবে।

জুন-জুলাই মাসে শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলার কথা রয়েছে বাংলাদেশের। ওই সিরিজ দিয়েই তাসকিন মাঠে ফিরতে পারেন বলে আশা প্রকাশ করেছেন দেবাশীষ।

তিনি বলেন, ‘তাসকিনের পুনর্বাসন সফলভাবে সম্পন্ন হলে, জুনের শুরুতে তিনি ম্যাচ ফিটনেস ফিরে পাবেন বলে আশা করা যায়।’ অর্থাৎ, আরও এক মাস মাঠের বাইরে থাকতে হবে ডানহাতি এই অভিজ্ঞ পেসারকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights