‘ভারতের অন্য কোনো শহরে খেলা দেওয়া হলে বিসিবি মানবে না’
অনলাইন ডেস্ক
ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে রাজি নয় বাংলাদেশ, ভারতের পরিবর্তে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের অনুরোধ জানিয়ে আইসিসিকে দু’টি চিঠি পাঠানো হলেও এখন পর্যন্ত কোনো উত্তর পাওয়া যায়নি বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
তিনি জানান, আইসিসির কাছ থেকে উত্তর পাওয়ার পরে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
বুলবুল স্পষ্ট করে বলেছেন, কলকাতার বদলে ভারতের অন্য কোনো শহরে খেলা দেওয়া হলে বিসিবি সেটিও মেনে নেবে না। অন্য যে কোনো মাঠে খেলা হলেও তা ভারতেরই মাঠ।
তিনি বলেন, “আপনারা জানেন এ সব ব্যাপারে একা কোনো সিদ্ধান্ত নেওয়া যায় না। সরকারের কথা অনুযায়ীই আমাদের চলতে হবে। কয়েক দিন আগেও আমাদের যা অবস্থান ছিল, এখনও তাই আছে।”
তিনি আরও জানান, “শ্রীলঙ্কায় খেলা না দিলে কী করা হবে, তা নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আমরা আইসিসির জবাবের অপেক্ষায় আছি। হায়দরাবাদ বা চেন্নাইয়ে আমাদের খেলা দেওয়া হতে পারে, এমন কোনও কথা শুনিনি। সোমবার বা মঙ্গলবারের মধ্যে আইসিসি-র উত্তর পাব বলে আশা করছি।”
বুলবুল বাংলাদেশ দলের সম্ভাব্য পারফরম্যান্স নিয়েও আশাবাদী। তিনি বলেন, “বিশ্বক্রিকেটে বাংলাদেশ এখন বড় দল। আমরা ২০১৫ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছিলাম, চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনাল খেলেছি। উপমহাদেশের পিচে আমরা ভালো খেলে থাকি। এবারও ভালো ফল আশা করছি।”
সূত্র: আনন্দবাজার
