কমলাপুরে ট্রেনে কাটা পড়ে কিশোরের দুই পা বিচ্ছিন্ন

ঢামেক প্রতিনিধি
রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত কিশোরের দুই পা বিচ্ছিন্ন হয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (২৭ মে) সন্ধ্যায় কমলাপুর রেলস্টেশনের ৭ নম্বর প্ল্যাটফর্মে এই দুর্ঘটনাটি ঘটে।

আহত কিশোরের নাম-পরিচয় এখনও জানা যায়নি। বয়স আনুমানিক ১৫ বছর। দুর্ঘটনার সময় তার পরনে ছিল হলুদ রঙের গেঞ্জি ও প্যান্ট।

ঢাকা রেলওয়ে থানার কনস্টেবল মো. আব্দুর রাজ্জাক জানান, সন্ধ্যায় প্ল্যাটফর্মে রক্তাক্ত অবস্থায় কিশোরটিকে পড়ে থাকতে দেখে দ্রুত উদ্ধার করে রাত সাড়ে আটটার দিকে তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়।

তিনি বলেন, “কোনো ট্রেনে কাটা পড়ে তার দুই পা বিচ্ছিন্ন হয়ে গেছে। তাকে হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা গুরুতর।”

এ বিষয়ে ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, “আহত কিশোর এখন ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।”

দুর্ঘটনার প্রকৃত কারণ এখনো জানা যায়নি। ঘটনাটি তদন্ত করছে রেলওয়ে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights