‘কমান্ডার-ইন-স্লিপ’

অনলাইন ডেস্ক
ইরান যুদ্ধে মত্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গোটা বিশ্ব তার প্রতিটি পদক্ষেপই রাখছে নজরে। তার মাঝেই যুক্তরাজ্যের বিরোধী দল ঘটিয়েছে অন্যরকম কাণ্ড।

জাতীয় ঘুম দিবস উপলক্ষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে বেশ মজাই করেছেন ডেমোক্র্যাটরা। সোমবার ডেমোক্রেটিক পার্টির অফিশিয়াল এক্স হ্যান্ডেল থেকে ট্রাম্পকে ‘কমান্ডার-ইন-স্লিপ’ হিসেবে আখ্যা দেওয়া হয়।

মূলত বিভিন্ন জনসমক্ষে ও গুরুত্বপূর্ণ বৈঠকে ট্রাম্পের ঝিমিয়ে পড়ার বেশ কিছু ছবি ও ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই এই নতুন নামকরণের জোয়ার শুরু হয়েছে। বিশেষ করে গত নভেম্বরে ওভাল অফিসে আয়োজিত একটি গুরুত্বপূর্ণ সভার ছবি নতুন করে সামনে এনেছে সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সহযোগীদের পরিচালিত একটি অ্যাকাউন্ট। সেখানে দেখা যায়, ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে আলোচনার মাঝেই চোখ বন্ধ করে আছেন ৭৯ বছর বয়সী এই প্রেসিডেন্ট।

সামাজিক যোগাযোগমাধ্যমে ডেমোক্র্যাটদের এই আক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ে এবং সাধারণ নেটিজেনরাও নানা ধরনের মিম ও কৌতুক শেয়ার করে এই ট্রোলিংয়ে অংশ নেন। তবে প্রেসিডেন্টের পক্ষ থেকে রিপাবলিকানরা এই দাবির তীব্র প্রতিবাদ জানিয়েছেন। হাউস স্পিকার মাইক জনসন ট্রাম্পের কাজের স্পৃহার প্রশংসা করে বলেন, তিনি তাঁর দেখা সবচেয়ে কর্মঠ প্রেসিডেন্ট। জনসনের দাবি অনুযায়ী, ট্রাম্প দিনে খুব সামান্যই ঘুমান এবং অনেক সময় রাত ২টা বা ভোর ৭টাতেও তিনি ফোন করে দাপ্তরিক কাজের খোঁজ নেন। এই কম ঘুমানোটাই ট্রাম্পের সফলতার অন্যতম কারণ বলে মনে করেন তাঁর অনুসারীরা।

স্বয়ং ডোনাল্ড ট্রাম্পও তাঁর বিরুদ্ধে ওঠা এই ‘ঘুমিয়ে পড়ার’ অভিযোগ নাকচ করে দিয়েছেন। একটি ক্যাবিনেট মিটিং চলাকালীন সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি রসিকতা করে বলেন, দীর্ঘক্ষণ আলোচনা মাঝেমধ্যে একঘেয়ে হয়ে ওঠে বলেই তিনি হয়তো চোখ বন্ধ করেছিলেন। ছবিগুলোতে তাঁকে ঘুমন্ত অবস্থায় দেখা গেলেও তিনি আসলে ঘুমাননি বরং ক্ষণিকের জন্য চোখ বুজে বিশ্রাম নিচ্ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights