নীলফামারীতে হাসপাতাল সমাজসেবা কার্যক্রম নিয়ে সেমিনার

নীলফামারী প্রতিনিধি

দুরবস্থাগ্রস্ত রোগীদের চিকিৎসা সহায়তা নিশ্চিতে হাসপাতাল সমাজসেবা কার্যক্রমের ভূমিকা, প্রতিবন্ধকতা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নীলফামারীতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে নীলফামারী জেনারেল হাসপাতালের সভাকক্ষে এ সেমিনার আয়োজন করে হাসপাতাল সমাজসেবা কার্যালয়।

নীলফামারী জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. আব্দুল্লাহ হেল মাফির সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র।

বক্তব্য দেন সিভিল সার্জন ডা. আব্দুর রাজ্জাক, অতিরিক্ত পুলিশ সুপার (নীলফামারী সার্কেল) ফারুক আহমেদ, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল পারভেজ, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক নুসরাত ফাতেমা, হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক আব্দুল মতিন। সেমিনারে সমাজসেবা কার্যক্রম উপস্থাপন করেন হাসপাতাল সমাজসেবা কর্মকর্তা নরুন নাহার নুরী।

সেমিনারে জানানো হয়, অসহায়-দরিদ্র রোগীদের চিকিৎসা সহায়তা প্রদানে সরকারের পাশাপাশি বিত্তশালীদের এগিয়ে আসা প্রয়োজন। বছরে সরকারিভাবে ১৫ লাখ টাকা পাওয়া গেলেও তা দিয়ে সেবা কার্যক্রম চালানো কষ্টকর হয়ে পড়েছে। রোগী কল্যাণ সমিতির তহবিলে বেসরকারি উদ্যোগে সহায়তা আসলে সেবা কার্যক্রমকে আরো শক্তিশালী করা যায়। এজন্য বিত্তবানদেরও এই সমিতিতে দান করার আহ্বান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights