কলাপাড়ায় ছাদভিত্তিক সৌরবিদ্যুতের সুযোগ ও সম্ভাবনা নিয়ে আলোচনা সভা
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর কলাপাড়ায় ছাদভিত্তিক সৌরবিদ্যুতের সুযোগ ও সম্ভবনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী, সুশীল সমাজ, গণমাধ্যম ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
সোমবার দুপুরে উপজেলা পরিষদ হল রুমে প্রতিবেশ ও উন্নয়ন ফোরাম, প্রান্তজন, কোস্টাল লাইভলিহুড অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যাকশন নেটওয়ার্ক এবং বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট এর যৌথ উদ্যোগে এ সভা আয়োজন করে।
এতে সভাপতিত্ব করেন প্রতিবেশ ও উন্নয়ন ফোরাম-পটুয়াখালীর আহ্বায়ক অমল মুখার্জী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামান।
প্রতিবেশ ও উন্নয়ন ফোরাম-পটুয়াখালীর সদস্য সচিব মো. নজরুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির কলাপাড়া জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার শেখ আব্দুর রহমান, কুয়াকাটা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোস্তফা আমিনুর রাশেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোছেদুল আলম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. জুলহাস-উল-আজাদ প্রমুখ।
সভায় বক্তারা বিভিন্ন বাসা বাড়ি ও সরকারি প্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুতের স্থাপনের সম্ভাবনা তুলে ধরেন এবং সবাইকে জ্বালানিভিত্তিক বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার পাশাপাশি সৌরবিদ্যুৎ স্থাপনের অনুরোধ জানান।
