মাদারীপুরে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে কিশোরী নিহত
মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরের রাজৈরে যাত্রীবাহী বাসের সঙ্গে থ্রি-হুইলার মাহিন্দ্রার সংঘর্ষে রাফিয়া আক্তার (১৬) নামে এক কিশোরী নিহত হয়েছে। এ ঘটনায় তার মা ও ছোট বোনসহ মাহিন্দ্রার আরও চার যাত্রী আহত হয়েছেন।
সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার বৌলগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাফিয়া মাদারীপুর সদর উপজেলার ত্রিভাগদী গ্রামের মনির হাওলাদারের মেয়ে।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, সকালে ডাক্তার দেখানোর জন্য মা সানজিদা বেগম ও ছোট বোন তাবাসসুম আক্তারকে সঙ্গে নিয়ে মাহিন্দ্রায় করে টেকেরহাট বন্দরের দিকে যাচ্ছিল রাফিয়া। পথে বৌলগ্রাম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বরিশালগামী খান পরিবহনের একটি বাসের সঙ্গে মাহিন্দ্রাটির সংঘর্ষ হয়। এতে রাফিয়াসহ মাহিন্দ্রার কয়েকজন যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাফিয়াকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে রাফিয়ার মা সানজিদা বেগম ও ছোট বোন তাবাসসুম আক্তারও রয়েছেন।
দুর্ঘটনার পর ঢাকা-বরিশাল মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।
মস্তফাপুর হাইওয়ে থানার এসআই আনোয়ার জানান, দুর্ঘটনায় জড়িত খান পরিবহনের বাসটি আটক করা হয়েছে। হাসপাতাল থেকে নিহতের মরদেহ স্বজনরা নিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
