রংপুরে কাগজপত্র ছাড়া যানবাহনে জ্বালানি না দেওয়ার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুরে বৈধ ও হালনাগাদ কাগজপত্র ছাড়া মোটরসাইকেলসহ কোনো যানবাহনে জ্বালানি তেল সরবরাহ না করতে পাম্প মালিকদের নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।

মঙ্গলবার সকালে জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান স্বাক্ষরিত এক চিঠি রংপুর পেট্রোল পাম্প মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে পাঠানো হয়।

চিঠিতে বলা হয়, সড়ক পরিবহন আইন অনুযায়ী ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন সনদ বা ফিটনেস সনদ ছাড়া কিংবা মেয়াদোত্তীর্ণ কাগজপত্র নিয়ে মহাসড়ক বা পাবলিক প্লেসে মোটরযান চালানো আইনত দণ্ডনীয় অপরাধ।

এ প্রেক্ষাপটে আইন প্রতিপালন নিশ্চিত করতে শুধুমাত্র বৈধ কাগজপত্রধারী যানবাহনকে জ্বালানি সরবরাহের জন্য অনুরোধ জানানো হয়েছে। এসব কাগজপত্রের মধ্যে রয়েছে—নিজ নামে রেজিস্ট্রেশন সনদ, হালনাগাদ ট্যাক্স টোকেন, বৈধ ড্রাইভিং লাইসেন্স, মানসম্মত হেলমেট (মোটরসাইকেলের ক্ষেত্রে) এবং প্রযোজ্য ক্ষেত্রে ফিটনেস সনদ ও রুট পারমিট।

রংপুর জেলা পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সংগঠক হারুন-অর-রশিদ জানান, এ বিষয়ে জেলা প্রশাসকের সঙ্গে পাম্প মালিকদের বৈঠক হয়েছে। সংশ্লিষ্ট দপ্তরগুলো এ নির্দেশনা বাস্তবায়ন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights