কলেজছাত্র ইমন হত্যা মামলায় রিমান্ডে সাবেক এমপি ছানোয়ার

টাঙ্গাইল প্রতিনিধি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গোড়াই হাইওয়ে থানার সামনে গুলিতে নিহত কলেজছাত্র ইমন হত্যা মামলায় টাঙ্গাইল-৫ সদর আসনের সাবেক এমপি মো. ছানোয়ার হোসেনকে মির্জাপুর থানায় ৫ দিনের রিমান্ডে আনা হয়েছে। বুধবার বিকেলে টাঙ্গাইল কারাগার থেকে তাকে মির্জাপুর থানায় আনা হয়। বৃহস্পতিবার সকালে এই তথ্য নিশ্চিত করেন মির্জাপুর থানার ওসি মো. মোশারফ হোসেন।

জানা গেছে, গত ৪ আগস্ট ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন মির্জাপুর উপজেলার গোড়াই হাইওয়ে থানার সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলছিলো। এসময় হাইওয়ে থানায় হামলা হয়। ওই সময় গুলিতে জেলার গোপালপুর উপজেলার হেমনগর এলাকার কলেজছাত্র ইমন নিহত হয়। এই ঘটনায় ইমনের ভাই সুমন বাদী হয়ে সাবেক মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু, ছানোয়ার হোসেন এমপিসহ ১৫৭ জনের নাম উল্লেখ করে এবং ৪০০ থেকে ৫০০ জনকে অজ্ঞাত আসামি করে মির্জাপুর থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় গত ১৫ ফেব্রুয়ারি সাবেক এমপি ছানোয়ার হোসেনকে গ্রেফতার করে পুলিশ।
মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোশারফ হোসেন বলেন, কলেজছাত্র ইমন হত্যা মামলায় সাবেক এমপি ছানোয়ার হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য বুধবার বিকেলে ৫ দিনের রিমান্ডে মির্জাপুর থানায় আনা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights