শিরানের কনসার্ট থেকে বাদ পড়া ম্যাকলমোরের ‌‘ফ্রি প্যালেস্টাইন’ ট্যুরের ঘোষণা

অনলাইন ডেস্ক

ফিলিস্তিন সমর্থক মন্তব্যের জেরে প্রখ্যাত গায়ক এড শিরানের কনসার্টের উদ্বোধনী পরিবেশক হিসেবে বাদ পড়ার পর এবার নিজস্ব কনসার্ট ট্যুরের ঘোষণা দিয়েছেন মার্কিন র্যাপার ম্যাকলমোর। ফ্রি প্যালেস্টাইন শিরোনামের এই একক সঙ্গীত সফরটি আগামী মাস থেকে ইউরোপে শুরু হতে যাচ্ছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক বার্তায় গ্র্যামিজয়ী এই শিল্পী জানান, আয়ারল্যান্ডের ডাবলিন, ফ্রান্সের প্যারিস এবং যুক্তরাজ্যের লন্ডনে পারফর্ম করার মাধ্যমে তার এই সফর শুরু হবে। পরবর্তীতে যুক্তরাষ্ট্রের কনসার্টের তারিখ এবং অন্যান্য অংশগ্রহণকারী শিল্পীদের নাম প্রকাশ করা হবে। এই ট্যুর থেকে প্রাপ্ত আয়ের একটি বড় অংশ ফিলিস্তিনি জনগণের জন্য কাজ করা বিভিন্ন সংস্থায় দান করা হবে বলেও তিনি নিশ্চিত করেছেন।

ইনস্টাগ্রাম পোস্টে ম্যাকলমোর বলেন, গণহত্যার মতো পরিস্থিতিতে নিষ্ক্রিয় বা রাজনৈতিকভাবে নিরপেক্ষ থাকার সুযোগ আর নেই। বিশ্বজুড়ে মানুষ এখন শিল্পীদের কাছ থেকে সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ প্রত্যাশা করে। ফিলিস্তিনের স্বাধীনতার দাবি তুললে যখন কাউকে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করা হয়, তখন মঞ্চকে শুধু বিনোদনের জায়গা হিসেবে ব্যবহার না করে প্রতিবাদের হাতিয়ার বানাতে হবে।

এর আগে নিউ জার্সিতে অ্যাড শিরানের কনসার্টে পারফর্ম করার সময় মঞ্চে দাঁড়িয়ে ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে জোরালো বক্তব্য দেন ম্যাকলমোর। এর পরপরই ওই ট্যুরের নির্ধারিত আরও আটটি শো থেকে তাকে বাদ দেওয়া হয়। ম্যাকলমোর জানান, যে স্টেডিয়ামগুলোতে অনুষ্ঠান আয়োজনের কথা ছিল, তার মালিকপক্ষের আপত্তির কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

এদিকে, এড শিরান এক বিবৃতিতে জানান যে ম্যাকলমোরকে বাদ দেওয়ার সিদ্ধান্তটি আয়োজক কর্তৃপক্ষের ছিল, তার নিজের নয়। ফিলাডেলফিয়ার এক অনুষ্ঠানে শিরান ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলাকে অযৌক্তিক আখ্যা দিয়ে পরিস্থিতি সামলাতে না পারার জন্য ক্ষমা প্রার্থনাও করেন।

গত কয়েক বছর ধরেই ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে এবং ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে সোচ্চার ভূমিকা রেখে আসছেন ম্যাকলমোর। তিনি উল্লেখ করেন, যখন একটি বড় ধনকুবের গোষ্ঠী সিদ্ধান্ত নেয় যে মঞ্চে কার কণ্ঠস্বর শোনা যাবে আর কাকে সেন্সর করা হবে, তখন বিষয়টি কেবল কোনো একক শিল্পী বা মঞ্চের মধ্যে সীমাবদ্ধ থাকে না; বরং এটি প্রতিটি সাধারণ মানুষের চিন্তার বিষয় হয়ে দাঁড়ায়।

সূত্র: রয়টার্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights