কলেজে ভর্তি নিয়ে মায়ের সঙ্গে অভিমানে শিক্ষার্থীর আত্মহত্যার অভিযোগ

অনলাইন ডেস্ক
রাজধানীর বাড্ডায় আনন্দনগর এলাকার একটি বাসায় মায়ের সঙ্গে অভিমানে এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।

আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে। নিহতের নাম হোসনে আরা মিম (১৮)।

তাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের খালু বকুল হোসেন সংবাদমাধ্যমকে বলেন, মিম চলতি বছর এসএসসি পাস করেছে। মিমের মা তাকে বাড্ডায় রাজধানী আইডিয়াল কলেজে ভর্তি করতে চায় কিন্তু মিম সিদ্ধেশ্বরী গার্লস কলেজে ভর্তি হতে চেয়েছিল। এ নিয়ে মায়ের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে রুমে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস দেয় সে।

তিনি জানান, মিম ভ্রাহ্মণবাড়িয়া জেলার হোমনা থানা আব্দুল জলিল হোসেনের মেয়ে। মেরুল বাড্ডার দক্ষিণ আনন্দনগর এলাকায় পরিবারের সঙ্গে তিনি থাকতেন। দুই ভাই দুই বোনের মধ‍্যে মিম ছিল বড়।

বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) ফাতেমা সিদ্দিকা (সোমা) জানান, আমরা খবর পেয়ে মুগদা হাসপাতাল থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করি। পরে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি জানান, প্রাথমিকভাবে জানতে পেরেছি মায়ের সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে মিম। তবুও ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights