কাঠবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, প্রাণ গেল দুই শ্রমিকের
রাঙামাটি প্রতিনিধি
রাঙামাটিতে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন। বৃহস্পতিবার রাত ১০টার দিকে রাঙামাটি কাপ্তাই ও আসামবস্তি সড়কের মগবান ইউনিয়নের কামিলাছড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শান্তি প্রসাদ চাকমা ওরফে মিলন (৪৭) ও সদ্ধেক্ষ চাকমা (৩৮)। এ ঘটনায় আহত হয়েছেন বিনয় চাকমা (৩৫) নামে এক শ্রমিক।
পুলিশ সূত্রে জানা যায়, রাঙামাটি শহর থেকে একটি কাঠবোঝাই মিনি ট্রাক কাপ্তাই উপজেলার দিকে যাচ্ছিল। এ সময় গাড়িতে ছিলেন চালকসহ পাঁচজন শ্রমিক। কাঠবোঝাই মিনি ট্রাকটি কাপ্তাই আসামবস্তি সড়কের গবান ইউনিয়নের কামিলাছড়ি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পাহাড়ি সড়কে উঠতে গিয়ে গাড়িটি পেছনের দিকে গড়িয়ে প্রায় ২০০ ফুট নিচে পাহাড়ি খাদে পড়ে যায়। এ সময় গাড়িতে থাকা দুই শ্রমিক শান্তি প্রসাদ চাকমা ওরফে মিলন ও সদ্ধেক্ষ চাকমা ঘটনাস্থলে নিহত হন। আহত হন বিনয় চাকমা।
তবে ঘটনাস্থল থেকে পালিয়ে যান গাড়িচালক ও তার সহযোগী (হেলপার)। গভীর রাতে খবর পেয়ে ঘটনাস্থল থেকে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাঙামাটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। খবর দেওয়া হয় পুলিশকে।
রাঙামাটি মেডিকেল কলেজের আরএমও ডা. শওকত আকবর জানান, সড়ক দুর্ঘটনাকবলিত তিনজনকে হাসপাতালে আনা হয়। কিন্তু তাদের মধ্যে ২ জন ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। বর্তমানে বিনয় চাকমা নামে একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রাঙামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন। ময়নাতদন্তের পর নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
