কারা নির্যাতনের স্মৃতি স্মরণ করলেন বিএনপি’র নেতাকর্মীরা
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
বিএনপি’র রাজনীতি করার কারণে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন নির্যাতনের বর্ণনা করেছেন শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারি। বৃহস্পতিবার শ্রীপুরের সিসিডিবি ক্লাইমেট সেন্টারের সভাকক্ষে বিগত সরকারের আমলে কারা নির্যাতিত নেতাদের সংগঠন শ্রীপুর উপজেলা ও পৌর নির্যাতিত ঐক্য ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী ও সংবর্ধনা অনুষ্ঠানে জেল জীবনের দিনগুলো স্মরণ করেন তিনি।
সংগঠনের সভাপতি আরিফুল ইসলাম সরকারের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক এস এম ফরহাদ মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু। অনুষ্ঠানে উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশগ্রহণ করেন।
শ্রীপুর পৌর বিএনপি’র সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারি জানান, তৎকালীন সরকারের রাজনৈতিক আক্রোশের শিকার হয়ে কয়েকবার কারাবরণ করেছেন, হয়েছেন কয়েক ডজন মামলার আসামি। তৎকালীন গাজীপুরের পুলিশ সুপার থাকাকালীন হারুনের রোষানলে পড়েন। তাকে গ্রেফতার করে চালানো হয় শারীরিক নির্যাতন।
যুবদলের রাজনীতি সঙ্গে সম্পৃক্ত ছিলেন গাজীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম সরকার। দায়িত্ব পালনকালে ৫১টি মামলার আসামি হয়েছিলেন তিনি। কয়েক ধাপে জেলে খেটেছেন ১৮৬ দিন।
আরিফুল ইসলাম সরকার জানান, কন্যা সন্তানের জন্মের খবর শুনেছেন কারাগার থেকেই, সেই সন্তানের মুখটাও দেখেছেন কারাগারের ভেতর থেকেই। গ্রেফতার হওয়ার পরপরই তাকে নেয়া হয় টর্চার সেলে। চালানো হয় শারীরিক, মানসিক নির্যাতন।
শ্রীপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আমিনুল ইসলাম সরকার। ২০২৩ সালে বিএনপির ডাকা হরতালের শ্রীপুরের জৈনা বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ অবরোধ তৈরি করেন। এ ঘটনায় একই বছরের ২ নভেম্বর রাতে ময়মনসিংহের ভালুকার স্কয়ার মাস্টারবাড়ি থেকে র্যাব-১ কর্তৃক গ্রেফতার হয়েছিলেন।
এসময় বিএনপি আন্দোলন নিয়ে পরিকল্পনা জানতে চায় র্যাব সদস্যরা। কোন তথ্য না পেয়ে আক্রোশের বর্শবর্তী হয়ে সেখানকার একটি কক্ষে দুইদিন তাকে বন্দি করে রাখা হয়। বন্দিশালায় থেকে বেলার মধ্যে এক বেলা কখনো দুই বেলা
খাবার দেওয়া হতো। প্রায় পাঁচ মাস পর তিনি উচ্চ আদালতে নির্দেশ জামিনে মুক্ত হন।
অনুষ্ঠানে নির্যাতিত নেতাদের মধ্যে বিগত ১৭ বছরে ফ্যাসিস্ট সরকারের নির্যাতিনের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, বীরমুক্তিযোদ্ধা ফজলুল হক, বিল্লাল হোসেন বেপারী, মোসলেম উদ্দিন মৃধা, অ্যাডভোকেট আবু জাফর, অ্যাডভোকেট আহসান কবির, আবুল হোসেন প্রধান, রাজীবুল বেপারী, মামুন আকন, মোক্তারুল করিম মোড়ল শামীম প্রমুখ।
