কালাইয়ে মানুষের মাঝে বসুন্ধরা শুভসংঘের একবেলা খাবার বিতরণ

অনলাইন ডেস্ক

অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে জয়পুরহাটের কালাইয়ে প্রায় ২০০ মানুষের মধ্যে দুপুরের একবেলা খাবার বিতরণ করেছে বসুন্ধরা শুভসংঘ। মানবিক সহায়তার অংশ হিসেবে বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে কালাই আহলে হাদিস মসজিদ কমপ্লেক্সের দ্বিতীয় তলায় এ খাবার বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

দুপুরের খাবার পেয়ে স্বস্তি প্রকাশ করেন সুবিধাবঞ্চিত মানুষগুলো। আয়োজকদের পক্ষ থেকে প্রত্যেকের হাতে খাবার তুলে দেওয়া হয়। এ সময় অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে স্বেচ্ছাসেবকদের আন্তরিক প্রচেষ্টা ছিল চোখে পড়ার মতো।

বসুন্ধরা শুভসংঘের কালাই উপজেলা শাখার এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয়রা। তারা বলেন, সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষ এবং বিভিন্ন সামাজিক সংগঠন যদি অসহায় মানুষের পাশে দাঁড়ায়, তাহলে দারিদ্র্য ও অসহায়ত্বের কষ্ট অনেকটাই লাঘব করা সম্ভব। শুধু অর্থ বা খাদ্য সহায়তা নয়, মানবিক মূল্যবোধ ও পারস্পরিক সহযোগিতার চর্চা বাড়াতেও এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

খাবার বিতরণকালে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ কালাই উপজেলা শাখার সভাপতি মো. আবুল হাসনাত সরকার বাবলা, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী জিন্নাহ, সাংগঠনিক সম্পাদক মো. শাহিনুর ইসলাম, সহসাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, ক্রীড়া সম্পাদক মো. আতিকুর রহমান, দপ্তর সম্পাদক মো. রেজওয়ান, নির্বাহী সদস্য মো. জুয়েল হোসেন, মৌমিতা জান্নাতসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

এ সময় সংগঠনের সভাপতি মো. আবুল হাসনাত সরকার বাবলা বলেন, ‘‘সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে একবেলা খাবার তুলে দিতে পারা আমাদের জন্য আনন্দের ও গর্বের বিষয়। একটি মানুষের ক্ষুধা নিবারণ করা শুধু খাবার দেওয়া নয়, এটি মানবিক দায়িত্ব পালনেরও একটি অংশ।”

তিনি আরও বলেন, “আমরা চাই, সমাজের প্রতিটি মানুষ নিজ নিজ অবস্থান থেকে অসহায় মানুষের পাশে দাঁড়াক। মানুষের বিপদে মানুষ এগিয়ে এলে সমাজে পারস্পরিক সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ আরও শক্তিশালী হবে। বসুন্ধরা শুভসংঘ ভবিষ্যতেও কালাইয়ের মানুষের পাশে থেকে বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করবে।”

সংগঠনের নেতৃবৃন্দরা জানান, বসুন্ধরা শুভসংঘের মূল লক্ষ্যই হলো মানুষের কল্যাণে কাজ করা এবং সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো। শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, সচেতনতা, মানবিক সহায়তাসহ বিভিন্ন ক্ষেত্রে নিয়মিত কর্মসূচি পালন করে আসছে সংগঠনটি। তারই ধারাবাহিকতায় কালাইয়ে অসহায় মানুষের জন্য এ খাবার বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

আয়োজকদের প্রত্যাশা, সমাজের সামর্থ্যবান মানুষ ও বিভিন্ন সামাজিক সংগঠন মানবিক কাজে আরও বেশি সম্পৃক্ত হলে অসহায় মানুষের কষ্ট কিছুটা হলেও কমবে। পাশাপাশি তরুণ প্রজন্মের মধ্যে মানবিকতা, সহমর্মিতা ও সামাজিক দায়িত্ববোধ গড়ে উঠবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights