কালীগঞ্জ উপজেলা পরিষদের তালাবদ্ধ কক্ষ থেকে এসি–টিভি ‘গায়েব’

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যানের তালাবদ্ধ কক্ষ থেকে সরকারি এসি ও টিভি রহস্যজনকভাবে গায়েব হওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান রাকিবুজ্জামান আহমেদ দায়িত্ব গ্রহণের পর সরকারি অর্থে তার কার্যালয়টি সাজানো হয়। ওই কক্ষে দুটি স্যামসাং ব্র্যান্ডের এয়ার কন্ডিশনার (এসি), একটি বড় টিভি ও দামী ফার্নিচার রাখা ছিল। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে কক্ষটি তালাবদ্ধ ছিল।

সম্প্রতি সরকারি নির্দেশনা অনুযায়ী সংসদ সদস্যের জন্য একটি অফিস কক্ষ প্রস্তুতের অংশ হিসেবে ওই কক্ষটি পরিদর্শন করা হয়। এ সময় ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেখা যায়, কক্ষে এসি ও টিভি নেই। এরপরই বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয়।

তবে উপজেলা পরিষদের একাধিক কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে বলেন, এসব সামগ্রী চুরি হয়নি। দুটি এসির একটি উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসায় এবং অন্যটি তার কার্যালয়ে সংযোগ দেওয়া হয়েছে। তবে এসব আগের ইউএনওর সময়েই করা হয়েছে বলে দাবি তাদের। বিষয়টি আনুষ্ঠানিকভাবে হলেও সাধারণ মানুষের অগোচরে হওয়ায় ‘চুরি’র গুঞ্জন তৈরি হয়েছে।

এদিকে সাম্প্রতিক বিভিন্ন ঘটনায় কালীগঞ্জ উপজেলা প্রশাসন আগেই আলোচনায় ছিল। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামিমা আক্তার জাহানের বিরুদ্ধে ফিলিং স্টেশনে এক ব্যক্তিকে লাঞ্ছিত করা, তদারকির সময় লাঠি হাতে দেখা যাওয়া, ‘আপু’ সম্বোধনে ক্ষুব্ধ হওয়া এবং সংবাদকর্মীদের সঙ্গে অসহযোগিতার অভিযোগ রয়েছে। এসব ঘটনাও ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।

এ ছাড়া তার বিরুদ্ধে পূর্বের কর্মস্থলে একটি প্রকল্পে অনিয়মের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের মামলার বিষয়টিও নতুন করে আলোচনায় এসেছে।

এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও ইউএনও শামিমা আক্তার জাহান ফোন রিসিভ করেননি।

লালমনিরহাটের জেলা প্রশাসক মুহাম্মদ রাশেদুল হক প্রধান বলেন, এসি সরানোর বিষয়টি তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে জেনেছেন। অফিসিয়ালভাবে তাকে জানানো হয়নি। সরকারি সম্পদ ব্যক্তিগত বাসায় ব্যবহারের বিষয়ে তিনি বলেন, এমনটি হওয়ার কথা নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights