কাশিয়ানীতে জমি নিয়ে বিরোধে হামলায় আহত একজনের মৃত্যু

গোপালগঞ্জ প্রতিনিধি

জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গোপালগঞ্জের কাশিয়ানীতে আহত মফিজুর রহমান শেখ (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাতে ঢাকা মেডিকেলে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ২৬ এপ্রিল সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার রাতইল ইউনিয়নের চরভাটপাড়া গ্রামে একই পরিবারের সাত মাসের অন্তঃসত্ত্ব নারীসহ তিন জনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে প্রতিপক্ষের লোকজন। এলাকাবাসী সূত্রে জানা গেছে, ১৯ শতাংশ জমি নিয়ে ওই গ্রামে দীর্ঘদিন ধরে আবু তালেব শেখের ছেলেদের সাথে প্রতিবেশি সিরাজ শেখের বিরোধ চলছিল। বিরোধ নিরসনে ২৬ এপ্রিল জমি পরিমাপের দিন নির্ধারণ করা হয়। কিন্তু সিরাজ ও তার পরিবারের সদস্যরা জমি মাপতে রাজি না হওয়ায় দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সিরাজ ও তার ছেলে ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে মফিজুর শেখ ও তার পরিবারের ওপর হামলা চালায়। এতে ৭ মাসের অন্তঃসত্ত্বা নারীসহ ওই পরিবারের তিনজন আহত হয়। তাদেরকে ওইদিনই কাশিয়ানী ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। মফিজুর রহমান শেখের অবস্থার অবনতি হলে ২৯ এপ্রিল তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত ৯টার দিকে মারা যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights