কাহারোলে বিএনপির কার্যালয়ে আগুন, ব্যাপক ক্ষতি
অনলাইন ডেস্ক
রাতের আধারে দিনাজপুরের কাহারোলে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আগুন দিয়ে অফিস তছনছ করেছে দুর্বৃত্তরা। এতে কাহারোল উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয়ের আসবাবপত্রসহ কার্যালয়ের সাইন বোর্ডও আগুনে পুড়ে নষ্ট হয়ে যায়। অগ্নিকাণ্ডে কয়েকলাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।
শুক্রবার দিবাগত রাতে দিনাজপুরের কাহারোল-বীরগঞ্জ রোডের ব্রিজের পূর্ব উত্তর মাথায় আব্দুল মোড়ল মার্কেটে দলীয় কার্যালয়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
শনিবার এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা এবং আগামী তিনদিনের মধ্যে বিষয়টি তদন্ত করে যারা আগুন দিয়েছে খুঁজে বের করে আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন জেলা বিএনপির নেতৃবৃন্দ।
কাহারোল উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে দুবৃত্তদের আগুন লাগানো ঘটনায় দিনাজপুর জেলা বিএনপি’র শীর্ষ নেতৃবৃন্দ শনিবার সকালে ঘটনাস্থল পরির্দশন করেছেন। তারা হলেন, দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, সহ-সভাপতি ও বীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মনজুরুল ইসলাম মঞ্জু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ, যুগ্ম সম্পাদক গোলাম মোস্তফা বাদশা, বজলুর রশিদ কালু, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মুন্না, জেলা যুবদলের সভাপতি আব্দুল মোন্নাফ মুকুল, কাহারোল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মামুনুর রশিদ চৌধুরী প্রমুখ। এসময় কাহারোল উপজেলা বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ প্রসঙ্গে কাহারোল থানার অফিসার ইনচার্জ মো. রুহুল আমিন জানান, আমি সরেজমিনে উপজেলা শাখা বিএনপি‘র দলীয় কার্যালয় পরিদর্শন করি এবং অগ্নিকাণ্ডের ঘটনার বিষয়টি আমরা তদন্ত করে দেখছি ও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো কিছুই বলা যাচ্ছে না।
