কুড়িগ্রামে ধানের গোলা থেকে বিপুল পরিমান ভারতীয় পণ্য জব্দ

কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানাধীন নারায়ণপুর ইউনিয়নে একটি বসতবাড়ির ধানের গোলা থেকে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে পুলিশ। সোমবার (২২ জুন) বিকেল পরিচালিত বিশেষ অভিযানে এসব পণ্য উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় অভিযুক্ত ব্যক্তি বাড়িতে না থাকায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
পুলিশ সূত্রে জানা যায়, সীমান্তবর্তী নারায়ণপুর ইউনিয়ন দীর্ঘদিন ধরে ভারতীয় পণ্য ও মাদক চোরাচালানের একটি গুরুত্বপূর্ণ রুট হিসেবে পরিচিত। সীমান্তের বেশ কিছু অংশে কাঁটাতারের বেড়া না থাকায় চোরাকারবারিরা সহজেই অবৈধভাবে বিভিন্ন পণ্য বাংলাদেশে এনে বাজারজাত করছে।
গোপন সংবাদের ভিত্তিতে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন এবং কচাকাটা থানার এসআই মিন্টু মিয়া পুলিশের একটি দল নিয়ে নারায়ণপুর ইউনিয়নের ঝাউকুঠি এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় মো: জহুরুল ইসলাম (পিতা: আলহাজ জালাল আলী)-এর বসতবাড়ির ধানের গোলায় তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস, পাপড় ও প্যান্ট পিস জব্দ করা হয়।
অভিযানের সময় জহুরুল ইসলাম বাড়িতে উপস্থিত না থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ অনুযায়ী মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। জব্দকৃত মালামাল আইনগত প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হবে বলে পুলিশ জানিয়েছে।
এ বিষয়ে ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, “নারায়ণপুর ইউনিয়ন একটি দুর্গম সীমান্ত এলাকা। নদী ও চরবেষ্টিত হওয়ায় পুলিশ সহজে সেখানে পৌঁছাতে পারে না। এই সুযোগে চোরাকারবারিরা এলাকাটিকে ট্রানজিট হিসেবে ব্যবহার করছে। সীমান্ত দিয়ে চোরাচালান রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে এবং অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights