কুড়িগ্রামে লাইসেন্স ও মূল্য তালিকা না থাকায় ৪ মাংস বিক্রেতাকে জরিমানা
কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ভোক্তা অধিকার রক্ষা ও নিরাপদ মাংস সরবরাহ নিশ্চিত করতে মোবাইল কোর্ট (ভ্রাম্যমাণ আদালত) পরিচালনা করা হয়েছে। অভিযানে লাইসেন্স না থাকা এবং মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ৪ জন মাংস বিক্রেতাকে মোট ১৬ হাজার টাকা জরিমানা করা হয়।
সোমবার (১৫ জুন) ফুলবাড়ী উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের সহযোগিতায় এই বিশেষ অভিযান পরিচালিত হয়।
আদালত সূত্রে জানা গেছে, অভিযান চলাকালে মাংস বিক্রির বৈধ লাইসেন্স না থাকা, পশু জবাইয়ের পূর্বে সরকারি ভেটেরিনারি সার্জন বা ডাক্তারের স্বাস্থ্যগত প্রত্যয়নপত্র সংগ্রহ না করা এবং দোকানে মাংসের মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ৪ জন বিক্রেতাকে মোট ১৬,০০০/- (ষোল হাজার) টাকা জরিমানা করা হয়।
ফুলবাড়ী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাংসের বাজারে শৃঙ্খলা ফেরাতে এবং সাধারণ ভোক্তার স্বার্থ রক্ষার্থে এ ধরনের তদারকিমূলক ও শাস্তিমূলক অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসাইন,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ চন্দন কুমার সরকার, উপজেলা ভেটেরিনারী সার্জন ডাঃ মোঃ মওদুদ হাসান প্রমূখ উপস্থিত ছিলেন।
