কুড়িগ্রামে সবজি বীজ ও সার বিতরণ
কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ২০২৫-২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় ১ হাজার ১৭০ জন কৃষকের মাঝে বিনামূল্যে গাছের চারা, শাক-সবজির বীজ, জৈব সার, ডিএপি ও এমওপি সার এবং বাঁশের খুঁটি বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিস চত্বরে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এর আগে উপজেলা কৃষি অফিসের প্রশিক্ষণ কক্ষে উপজেলা কৃষি কর্মকর্তা নিরূপা ইয়াছমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা আকতার। স্থানীয় সাংসদের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুর রহমান, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শিশির কুমার ঈশ্বরসহ কৃষি বিভাগের উপসহকারী কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কৃষি পুনর্বাসন সহায়তা খাতে বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় ৩২০ জন কৃষকের প্রত্যেককে ৫টি করে গাছের চারা, ২৫ কেজি জৈব সার এবং ৫টি করে বাঁশের খুঁটি প্রদান করা হয়। এ কর্মসূচিতে মোট ১ হাজার ৬০০টি গাছের চারা বিতরণ করা হয়। একই অনুষ্ঠানে খরিপ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৮৫০ জন কৃষকের মাঝে লাউ, বেগুন, চালকুমড়া, পুঁইশাক, কলমি শাক, মিষ্টি কুমড়া ও শশার বীজ বিতরণ করা হয়। পাশাপাশি প্রত্যেক কৃষককে ১৫ কেজি ডিএপি এবং ১৫ কেজি এমওপি সার প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষকদের উৎপাদন ব্যয় কমানো, পুষ্টিকর শাকসবজির চাষ সম্প্রসারণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচিকে আরও গতিশীল করতেই সরকারের এ সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
