কুড়িগ্রামের নদী তীরবর্তী নারীদের সম্পৃক্ততায় গবেষণা জরিপ প্রকাশ

কুড়িগ্রাম প্রতিনিধি:২০.০১.২০২৬
কুড়িগ্রামে নদী তীরবর্তী নারীদের সম্পৃক্ততায় ধরলা নদীর বর্তমান অবস্থা মূল্যায়ন বিষয়ক একটি
গবেষণা জরিপ প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার জেলা প্রশাসক কার্যালয়ের স্বপ্নকুঁড়ি মিলনায়তনে
দিনব্যাপী এই গবেষণা জরিপ প্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা
দেবনাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক কুদরত-ই-খুদা। এছাড়াও
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিভাররাইন পিপল-এর পরিচালক প্রফেসর ড. তুহিন ওয়াদুদ, রিভাররাইন পিপল
ট্রাস্টের চেয়ারম্যান আনোয়ার হোসেন, ডব্লিউভিইউএফডি’র প্রোগ্রাম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন
কর্মকর্তা সানজিদা রহমান, কনসালটেন্ট কমিউনিকেশন অ্যান্ড ডকুমেন্টেশন প্রধান গবেষক নুসরাত
খান, সহ-প্রধান গবেষক উম্মে খাদিজা, শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ইয়ুথ ওমেন লিডার নুসরাত
জাহান মৈত্রী, ‘চলন বিল রক্ষাই আমরা’-এর কো-অর্ডিনেটর মেহনাজ মালা এবং অ্যাসোসিয়েশন ফর
অল্টারনেটিভ ডেভেলপমেন্ট (আফাদ)-এর নির্বাহী প্রধান সাইদা ইয়াসমিন প্রমুখ।
গবেষণা জরিপ প্রকাশ অনুষ্ঠানে জানানো হয়, ধরলা নদী বাংলাদেশ ও ভারতের একটি আন্তঃসীমান্ত নদী।
নদীটি উজানে ভুটান ও ভারতের সিকিম অঞ্চলে জলঢাকা বা শিংগিমারি নামে প্রবাহিত হয়ে বাংলাদেশের
লালমনিরহাটে প্রবেশ করে ধরলা নদী হিসেবে পরিচিতি পায় এবং কুড়িগ্রাম জেলা অতিক্রম করে ব্রহ্মপুত্র
নদে মিলিত হয়েছে।
গবেষণার অংশ হিসেবে ধরলা নদীর বর্তমান পরিস্থিতির ডকুমেন্টেশন ও জরিপ কার্যক্রম পরিচালনা করা হয়।
দেড় মাসব্যাপী এ জরিপে নদী তীরবর্তী এলাকায় বসবাসকারী ১০ জন নারী গবেষক সরাসরি সম্পৃক্ত
ছিলেন। এ সময় নদীর পাশে বসবাসকারী ৩০৫ জন গ্রামীণ নারীর কাছ থেকে ১০টি নির্ধারিত বিষয়ের
ওপর সাক্ষাৎকার ও তথ্য সংগ্রহ করা হয়।
দিনব্যাপী এই প্রকাশ অনুষ্ঠানে সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থার প্রতিনিধি, জনপ্রতিনিধি
এবং গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন। অ্যাসোসিয়েশন ফর অল্টারনেটিভ ডেভেলপমেন্ট (আফাদ)-এর
সহায়তায় ব্লু প্ল্যানেট ইনিশিয়েটিভ এ গবেষণা জরিপ প্রকাশ অনুষ্ঠানের আয়োজন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights