কুতুবদিয়ার আজম কলোনিতে বিদ্যুৎ সংযোগের দাবিতে মানববন্ধন
কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের কুতুবদিয়ার আজম কলোনিতে বিদ্যুৎ সংযোগের দাবিতে মানববন্ধন করেছেন সেখানকার বাসিন্দারা।
বৃহস্পতিবার সকালে উপজেলার বড়ঘোপ ইউনিয়নের আজম কলোনিতে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় ইউপি সদস্য সালাহ উদ্দিন, তানভীর আহমেদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আবুল রাসেল রবিন, মো. খোকন, মো. রুবেল, মো. আজিজ, রিদুওয়ান হেলালিসহ অনেকে।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে আজম কলোনি এলাকার জন্য বিদ্যুৎ সংযোগের দাবি করে আসছেন স্থানীয়রা। কিন্তু কর্তৃপক্ষ বিদ্যুৎ সংযোগ দিচ্ছে না। তাই বাধ্য হয়ে তারা মানববন্ধন করছেন। দ্বীপের বিভিন্ন স্থানে বিদ্যুৎ সংযোগ থাকলেও এই গ্রামের মানুষ সেই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। তাই এখানে দ্রুত বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টি আকর্ষণ করছি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. সাদাত হোসেন বলেন, আজম কলোনিতে বিদ্যুৎ সংযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
