কুমারখালীতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মানববন্ধন

কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চরসাদিপুর ইউনিয়ন পরিষদের ( ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মো. মেছের আলী খাঁ’র বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে।

শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে চরসাদিপুর ইউনিয়ন পরিষদের সামনে এক মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে চেয়ারম্যানের বিরুদ্ধে ভিজিএফ, টিআর, কাবিখা, প্রতিবন্ধী, বয়স্ক ও বিধবা ভাতার কার্ড প্রদানে দলীয়করণ, স্বজনপ্রীতি, ঘুষ গ্রহণসহ নানা অনিয়মের অভিযোগ তোলা হয়েছে।
চরসাদিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বয়েনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন চরসাদিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মজিদ ও সাধারণ সম্পাদক গোলাম আযম, ইউনিয়ন জামায়াতের আমির আবু তালেব, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল মালেক, বিএনপি নেতা ওবাইদুর রহমান খান প্রমুখ।

তবে অভিযোগ অস্বীকার করেছেন ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মো. মেছের আলী খাঁ। তিনি মুঠোফোনে জানান, সরকার পরিবর্তন হওয়ায় জামায়াত-বিএনপির নেতাকর্মীরা ব্যক্তিগত সুবিধা নিতে না পেরে মনগড়া অভিযোগ করছেন। তদন্ত করলেই সত্য বেড়িয়ে আসবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মিকাইল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেলে এ ব্যাপারে তদন্ত সাপক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights