কুমিল্লায় আধিপত্য বিস্তার নিয়ে কুপিয়ে যুবককে হত্যা

কুমিল্লা প্রতিনিধি

জুয়া মাদকসহ আধিপত্য বিস্তার নিয়ে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। শুক্রবার বিকেলে কুমিল্লা সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নের মধ্যম মাঝিগাছা এলাকার সিঙ্গাপুর গলিতে এ ঘটনা ঘটে।

নিহতের নাম শহিদুল ইসলাম কাউছার (২৮)। সে কুমিল্লা নগরীর বিষ্ণুপুর এলাকার শওকত হোসেনের ছেলে। এ ঘটনায় মারুফ নামে আরো এক যুবক আহত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ছত্রখিল ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক আমিনুল ইসলাম।

স্থানীয়রা জানান, শুক্রবার বিকেল সাড়ে ৩ টায় দু’পক্ষ সংঘর্ষে জড়ায়। বিকেলে সাড়ে ৫ টার দিকে দু’পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে পুনরায় সংঘর্ষে জড়ায়। এ সময় প্রতিপক্ষের অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন কাউছার। তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কাউছারকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মোঃ হাফিজুল ইসলাম বলেন, মাদক সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হাতে খুন হয় কাউছার। এই এলাকায় মাদকের প্রবণতা বেশি। দু’পক্ষই মাদক সেবন ও ব্যবসার সাথে জড়িত।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) মো. কামরান হোসেন। তিনি বলেন, আমরা তদন্ত করছি। ঘটনার সময় কাদের কি ভূমিকা ছিলো তা খোঁজার চেষ্টা করছি। সিসিটিভির ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights