কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৫১৯ জন আটক
কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৫১৯ জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার মাগরিবের পর থেকে গভীর পর্যন্ত অভিযানে তাদের আটক করে পুলিশ। কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, জেলার কিশোর গ্যাংবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে ১৮টি থানায় জেলা পুলিশের সব ইউনিট এবং ডিবি পুলিশ একযোগে অভিযান পরিচালনা করে। এই অভিযানে কুমিল্লা মহানগরীর বিভিন্ন স্থানে এবং প্রত্যেকটি থানা এলাকার বিভিন্ন স্থানে, যেখানে কিশোর বয়সী বখাটেদের উৎপাত রয়েছে সেই সব স্থানে এই অভিযান পরিচালনা করা হয়েছে। এই অভিযানে পুলিশের সব ঊর্ধ্বতন কর্মকর্তারা সরাসরি অংশগ্রহণ করেন। অভিযানে ৫১৯ জনকে আটক করা হয়েছে। তাদের অপরাধের সম্পৃক্ততা যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
তিনি আরও জানান, কিশোরা যেন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হতে না পারে সেজন্য জেলা পুলিশের পক্ষ থেকে নিয়মিতই এই অভিযান পরিচালনা করা হচ্ছে। কোনো নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হয় এ বিষয়ে কঠোর মনিটরিং করা হচ্ছে। কিশোর অপরাধ রোধ করতে জেলা পুলিশ বদ্ধপরিকর।
এর আগে, কুমিল্লায় সাত দফার অভিযানে কিশোর গ্যাংয়ের বিভিন্ন গ্রুপের প্রধানরাসহ মোট ২৯৫৩ জনকে আটক করা হয়। গতকালের অভিযানসহ মোট আটকের সংখ্যা দাঁড়ালো ৩৪৭২ জনে। এদের মধ্যে অন্তত ১ হাজার জনকে গ্রেফতার দেখানো হয়েছে।
প্রসঙ্গত, গত ১৯ সেপ্টেম্বর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের মরদেহ উদ্ধার করা হয়। তার হত্যাকাণ্ডের সঙ্গে কিশোর গ্যাং সদস্যদের নাম আসে। এর পরই নড়েচড়ে বসে পুলিশ।
