কুমিল্লায় চাঁদা না পেয়ে নির্মাণসামগ্রী নেওয়ার চেষ্টা, আটক ১

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা নগরের ঠাকুরপাড়া এলাকায় নির্মাণাধীন ভবনে চাঁদাবাজির চেষ্টার অভিযোগে মোমিন আহমেদ ভূঁইয়া ওরফে কানা মমিন (৩৮) নামের এক ব্যক্তিকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। চাঁদা না পেয়ে ভবনের রড, সিমেন্টসহ নির্মাণসামগ্রী ট্রাকে তুলে নেওয়ার চেষ্টা করছিলেন বলে অভিযোগ।

বৃহস্পতিবার বিকেলে ঠাকুরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় নির্মাণসামগ্রী পরিবহনের জন্য আনা একটি ট্রাকও জব্দ করা হয়।

শুক্রবার এসআরবি-১১-এর সিপিসি-২-এর উপপরিচালক ও কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম এ তথ্য নিশ্চিত করেন।

আটক মোমিন নগরের দক্ষিণ ঠাকুরপাড়া এলাকার প্রয়াত নান্নু ভূঁইয়ার ছেলে। এসআরবি জানিয়েছে, তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, ডাকাতির প্রস্তুতি ও মাদকসংক্রান্ত পাঁচটির বেশি মামলা রয়েছে।

এসআরবির বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্মাণাধীন ভবনের দায়িত্বে থাকা ব্যক্তিদের কাছে চাঁদা দাবি করা হয়েছিল। চাঁদা না পেয়ে জোর করে নির্মাণসামগ্রী নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোমিন ভূঁইয়াকে আটক এবং নির্মাণসামগ্রী নেওয়ার জন্য আনা ট্রাকটি জব্দ করা হয়।

আটক মোমিনের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights