কেন্দ্রীয় চুক্তি থেকে স্বেচ্ছায় সরে গেলেন মাহমুদউল্লাহ

ওয়ানডে ক্রিকেট থেকে এখনও অবসর নেননি মাহমুদউল্লাহ রিয়াদ। সদ্য সমাপ্ত চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাজে ফর্মের পর অবসর না নেয়ায় সমালোচিতও হয়েছেন। এরপরেও আনুষ্ঠানিক কোনো ঘোষণা তিনি দেননি। তবে কেন্দ্রীয় চুক্তি থেকে নিজের নাম সরিয়ে নিতে বিসিবিকে অনুরোধ জানিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ফলে ১ মার্চ থেকে চুক্তির বাইরে থাকবেন মাহমুদউল্লাহ।

সোমবার (১০ মার্চ) এক বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে বিসিবি। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, কেন্দ্রীয় চুক্তিতে না থাকার জন্য মাহমুদউল্লাহ নিজেই নাকি বোর্ডের কাছে অনুরোধ করেছেন। তার অনুরোধের প্রেক্ষিতেই অভিজ্ঞ এই ক্রিকেটারকে বাদ দিল বিসিবি।

অন্যদিকে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাদ পড়ার পর দেশে ফিরে ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ডাক দিয়েছেন মুশফিকুর রহিম। টি-টোয়েন্টি থেকে সরে গেছেন আরও আগেই। দুই ফরম্যাটে না খেলায় এবার কেন্দ্রীয় চুক্তিতে এক ক্যাটাগরি পিছিয়েছেন মুশফিক। ‘এ’ ক্যাটাগরি থেকে তার জায়গা হয়েছে ‘বি’ ক্যাটাগরিতে।

পাঁচটি ক্যাটাগরিতে মোট ২২ জন ক্রিকেটার আছেন এবারের কেন্দ্রীয় চুক্তিতে। এ+ ক্যাটারগিতে আছেন কেবল তাসকিন আহমেদ। প্রতি মাসে তিনি বেতন পাবেন ১০ লাখ টাকা।

অধিনায়ক নাজমুল হোসেন শান্তসহ ‘এ’ ক্যাটাগরিতে আছেন মোট তিনজন ক্রিকেটার। বাকি ২ জন হলেন- মেহেদী হাসান মিরাজ ও লিটন কুমার দাস। প্রতি মাসে তারা বেতন পাবেন ৮ লাখ টাকা করে।

মুশফিকুর রহিম, মুমিনুল হক, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাওহীদ হৃদয়, হাসান মাহমুদ ও নাহিদ রানাকে রাখা হয়েছে ’বি’ ক্যাটাগরিতে। এই ক্যাটাগরির মাসিক বেতন ৬ লাখ টাকা।

‘সি’ ক্যাটাগরিতে রাখা হয়েছে ৮ ক্রিকেটারকে। তারা হচ্ছেন- সাদমান ইসলাম, সৌম্য সরকার, জাকের আলী অনিক, তানজিদ হাসান তামিম, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব ও শেখ মেহেদী হাসান। তারা প্রত্যেকে ৪ লাখ টাকা করে মাসিক বেতন পাবেন।

সর্বশেষ ‘ডি’ ক্যাটাগরিতে আছেন দুই জন নাসুম আহমেদ ও সৈয়দ খালেদ আহমেদ। তারা প্রত্যেকে ২ লাখ টাকা করে বেতন পাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights