কেরানীগঞ্জে উপজেলা অভিবাসন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

ঢাকার কেরানীগঞ্জে নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করতে উপজেলা অভিবাসন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিদেশগামী কর্মীদের সচেতনতা বৃদ্ধি, দালালচক্রের প্রতারণা প্রতিরোধ এবং প্রবাসফেরত কর্মীদের পুনর্বাসনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে কেরানীগঞ্জ উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উমর ফারুক।

সভায় সভাপতির বক্তব্যে ইউএনও উমর ফারুক বলেন, ‘বৈদেশিক কর্মসংস্থান বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। অথচ একশ্রেণির অসাধু দালালচক্রের খপ্পরে পড়ে অনেক প্রবাসী ও তাঁদের পরিবার সর্বস্ব হারাচ্ছেন। কেরানীগঞ্জে কোনো দালাল সিন্ডিকেটকে প্রশ্রয় দেওয়া হবে না। নিরাপদ ও নিশ্চিত অভিবাসন ব্যবস্থা গড়ে তুলতে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সচেতন ও সজাগ থাকতে হবে।’

তিনি আরও বলেন, ‘বিদেশে কর্মসংস্থানের সুযোগ কাজে লাগাতে আগ্রহীদের অবশ্যই সরকারি অনুমোদিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বিদেশে যেতে হবে। দালালচক্রের প্রলোভনে পড়ে কেউ যেন প্রতারণার শিকার না হন, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। পাশাপাশি বিদেশফেরত কর্মীদের দক্ষতাকে কাজে লাগিয়ে তাঁদের পুনর্বাসনের উদ্যোগ আরও জোরদার করতে হবে।’

সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)-এর প্রতিনিধি, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভা শেষে অভিবাসন-সংক্রান্ত জনসচেতনতা বৃদ্ধিতে উপজেলা পর্যায়ে বিভিন্ন কার্যক্রম আরও সক্রিয়ভাবে বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights