কেরানীগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩০ লাখ ৭৫ হাজার টাকা মূল্যের ১০২ কেজি গাঁজাসহ মো. সালাউদ্দিন (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে এসআরবি-১০। গ্রেপ্তার সালাউদ্দিন দক্ষিণ কেরানীগঞ্জ থানার দোলেশ্বর কলেজ রোডের খানবাড়ি এলাকার মো. ইয়ামিনের ছেলে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেন এসআরবি-১০ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি তপন সরকার।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১০-এর সিপিসি-১, যাত্রাবাড়ী ক্যাম্পের একটি আভিযানিক দল শনিবার ভোর রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানার দোলেশ্বর কলেজ রোডের খানবাড়ী এলাকায় অভিযান চালায়। এ সময় সক্রিয় মাদক ব্যবসায়ী মো. সালাউদ্দিনকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ১০২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ৩০ লাখ ৭৫ হাজার টাকা।
এসআরবি আরও জানান, গ্রেপ্তার ব্যক্তি পেশাদার মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য সংগ্রহ করে দক্ষিণ কেরানীগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন। উদ্ধার করা মাদকসহ গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার লক্ষ্যে তাকে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
