কোচ জাকির মৃত্যুতে বিসিবির শোক

স্পোর্টস ডেস্ক

ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার (২৭ ডিসেম্বর) এক শোকবার্তায় দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি তার মৃত্যুতে দুঃখ প্রকাশ করে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানায়।

শনিবার বিপিএলে নিজেদের প্রথম ম্যাচ খেলতে মাঠে নামে ঢাকা ক্যাপিটালস। টসের পর ম্যাচ শুরুর আগে ডাগআউটের সামনে গা গরমের অনুশীলনে ব্যস্ত ছিলেন দলের ক্রিকেটাররা। এ সময় ফিল্ডিং ড্রিল করানোর দায়িত্বে ছিলেন সহকারী কোচ মাহবুব আলী জাকির। অনুশীলনের এক পর্যায়ে হঠাৎ অসুস্থ হয়ে মাঠেই লুটিয়ে পড়েন তিনি।

দলের ফিজিও প্রাথমিকভাবে হার্ট অ্যাটাক হয়েছে বলে ধারণা করেন। সঙ্গে সঙ্গে মাঠে তাকে সিপিআর দেওয়া হয় এবং দ্রুত অ্যাম্বুলেন্সে করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। ফ্র্যাঞ্চাইজি সূত্র জানায়, হাসপাতালে নেওয়ার পথেও তার শ্বাস-প্রশ্বাস সচল রাখার চেষ্টা চলছিল। তবে হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

জাতীয় দলে খেলার সুযোগ না পেলেও ঘরোয়া ক্রিকেটে পরিচিত মুখ ছিলেন মাহবুব আলী জাকির। সাবেক এই পেসার কুমিল্লা জেলার হয়ে জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ খেলেছেন। এছাড়া ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে আবাহনী ও ধানমন্ডির মতো ক্লাবের হয়ে মাঠে নেমেছেন তিনি।

খেলোয়াড়ি জীবন শেষে কোচিং পেশায় যুক্ত হন জাকির। ২০০৮ সালে বিসিবির হাই পারফরম্যান্স বিভাগের কোচ হিসেবে কাজ শুরু করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights