কোস্টগার্ডের সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলিতে নিহত ১

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ সমুদ্র এলাকায় কোস্টগার্ড ও মাদক কারবারিদের সঙ্গে গোলাগুলিতে এক মাদক কারবারি নিহত হয়েছেন। এ সময় ১০ হাজার ইয়াবা, তিনটি দেশীয় অস্ত্র ও তিন রাউন্ড তাজা গুলিসহ ১৬ জন ডাকাত-মাদক পাচারকারীকে আটক করা হয়েছে। তাৎক্ষণিকভাবে আটককৃতদের ও নিহতের পরিচয় পাওয়া সম্ভব হয়নি।

শনিবার সন্ধ্যায় বাংলাদেশ কোস্টগার্ড অধিদপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার বিএন মো. সিয়াম উল-হক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ১১টার দিকে শাহপরীর দ্বীপ সমুদ্র এলাকা দিয়ে মাদকের একটি বড় চালান মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করবে এমন তথ্যে বিসিজি স্টেশন টেকনাফ ও বিসিজি আউটপোস্ট শাহপরী কর্তৃক শাহপরীর দ্বীপ সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান চালানো হয়। অভিযান চলাকালীন মিয়ানমারের মংডু নাইক্ষ্যংদিয়া এলাকা হতে একটি বড় ইঞ্জিনচালিত ফিশিং বোট বাংলাদেশ জলসীমায় প্রবেশ করে।

কোস্টগার্ড সদস্যরা ফাঁকা গুলির মাধ্যমে বোটটিকে থামার সংকেত প্রদান করলে সন্দেহভাজন বোটটি কোস্টগার্ডের ওপর অতর্কিত গুলি বর্ষণ করে। এ সময় কোস্টগার্ডের আভিযানিক দল আত্মরক্ষার্থে এবং বোটটিকে অকেজো করার উদ্দেশ্যে ওয়াটার লাইন এবং ইঞ্জিন রুম বরাবর গুলি চালায়। এতে বোটটি থেমে যায়। অভিযানিক দল বোটটিকে আটক করতে সক্ষম হয়।

পরে বোটটি তল্লাশি চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা, তিনটি দেশীয় আগ্নেয়াস্ত্র, তিন রাউন্ড তাজা গুলি এবং ১৬ জন ডাকাত ও মাদক পাচারকারীকে আটক করা হয়। বোটটিতে তল্লাশি চলাকালে ইঞ্জিন রুমে এক পাচারকারীকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তাকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আটককৃত ডাকাত ও মাদক পাচারকারীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা মিয়ানমার থেকে মাদকদ্রব্য পাচারের উদ্দেশ্যে বাংলাদেশে নিয়ে আসার সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য সমুদ্রে ফেলে দেয়। সমুদ্রে ফেলে দেওয়া মাদকদ্রব্য উদ্ধার অভিযান চলমান রয়েছে। মাদক পাচারে ব্যবহৃত বোটটি জব্দ করা হয়েছে।

উদ্ধারকৃত ইয়াবা, আগ্নেয়াস্ত্র, তাজা গুলি এবং আটককৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights