ক্যাসিনোকাণ্ডে আলোচিত সেলিম প্রধান গ্রেফতার

অননুমোদিত সীসা বার পরিচালনার অভিযোগে ক্যাসিনোকাণ্ডে আলোচিত ও অর্থপাচার মামলায় দণ্ডপ্রাপ্ত সেলিম প্রধানকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ। এ সময় তার সাথে আরও নয়জনকে গ্রেফতার করা হয়।

শনিবার (৬ সেপ্টেম্বর) ভোর চারটার দিকে রাজধানীর বারিধারা এলাকা থেকে নারায়ণগঞ্জের আলোচিত সেলিম প্রধান ওরফে ডন সেলিমকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে গুলশান থানার ওসি হাফিজুর রহমান বলেন, সেলিম প্রধান বারিধারায় একটি সিসা বার চালাতেন। ভোর ৪টায় সিসা সরঞ্জাম ও সেলিম প্রধানসহ নয়জনকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে গুলশান থানায় মাদক মামলা হয়েছে।

পুলিশের গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার মো. আল আমিন হোসাইন জানান, সেলিম প্রধান বারিধারা এলাকায় সিসা বার পরিচালনা করছিলেন। তার মালিকানাধীন সিসা বার থেকেই ভোরে তাকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

এর আগে ক্যাসিনোবিরোধী অভিযান চলাকালে ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থাইল্যান্ডগামী বিমান থেকে নামিয়ে এনে সেলিম প্রধানকে গ্রেফতার করেছিল র‌্যাব। এরপর তার বাসা ও অফিসে অভিযান চালিয়ে দেশি-বিদেশি মুদ্রা ও বিপুল পরিমাণ বিদেশি মদ জব্দ করা হয় বলে র‌্যাব জানায়।

তখন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলেছিল, সেলিম প্রধান বাংলাদেশে অনলাইন ক্যাসিনো বা অনলাইন জুয়ার মূল হোতা। তিনি প্রচুর টাকা বিদেশে পাচার করেছেন। অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচার মামলায় তাকে চার বছরের কারাদণ্ড দেন আদালত। পরে তিনি জামিনে কারামুক্তি লাভ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights