খাগড়াছড়িতে ভারী বৃষ্টিপাতে পাহাড়ধসের শঙ্কা

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়িতে গত দুই দিন ধরে টানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির পর আজ শুক্রবার সকাল থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। এতে করে জেলার বিভিন্ন নদ-নদীর পানি দ্রুত বাড়তে শুরু করেছে। বিশেষ করে চেঙ্গী, মাইনী ও রামগড়ের ফেনী নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় পাহাড়ধস ও বন্যার শঙ্কা দেখা দিয়েছে।

চেঙ্গী নদীর পানি বিপদসীমার কাছাকাছি চলে আসায় খাগড়াছড়ি শহরের পাশ ঘেঁষে থাকা কোরবানির গরুর অস্থায়ী বাজারটি এখন পানির নিচে। এতে করে গরু বিক্রেতা ও ক্রেতাদের ব্যাপক ক্ষতির মুখে পড়তে হয়েছে। নদীর পানি আশপাশের নিচু এলাকাগুলোতেও প্রবেশ করতে শুরু করেছে, ফলে শহরের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা তৈরি হয়েছে।

এদিকে পাহাড়ঘেঁষা বসতবাড়ি ও নিম্নাঞ্চলে বসবাসকারীদের পাহাড়ধস ও বন্যার ঝুঁকির মুখে পড়ার আশঙ্কায় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিংয়ের মাধ্যমে জনসাধারণকে পাহাড়ের পাদদেশ ত্যাগ করে আশ্রয়কেন্দ্রে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।

খাগড়াছড়ির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসান মারুফের নেতৃত্বে একটি মনিটরিং টিম শহরের শালবন, সবুজবাগ, কলাবাগান, কুমিল্লা টিলা ও আশপাশের এলাকা পরিদর্শন করছে। এসব এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কার্যক্রম চলছে।

এদিকে, দীঘিনালা আবহাওয়া অফিসের দায়িত্বরত কর্মকর্তা সুবতি চাকমা জানান, আজ শুক্রবার খাগড়াছড়িতে ৯২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তিনি জানান, আগামীকাল শনিবারও বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে এবং পাহাড়ি এলাকাগুলোর বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে চলে যাওয়ার অনুরোধ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights