খুনিদের বয়স যাচাইয়ে বায়োলজিক্যাল টেস্টের দাবি অপ্রতিমের বাবার
কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লায় কিশোর গ্যাংয়ের হাতে নিহত স্কুলছাত্র অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার বলেছেন, অপ্রতিম হত্যাকারীদের যাদের শিশু আইনে গাজীপুর শিশু উন্নয়নকেন্দ্রে পাঠানো হয়েছে তাদের যেন বায়োলজিক্যাল টেস্ট বা রেডিওলজিক্যাল টেস্টে সঠিক বয়সটা তুলে আনা হয়। অপ্রতিম হত্যার বিচার যেন সঠিকভাবে হয়। যারা তাকে হত্যা করেছে তাদের বিচার যদি না হয়, এরা যদি আবার বের হয় তাহলে আমরা নিরাপত্তা ঝুঁকিতে পড়ব।
আইনশৃঙ্খলা, সামাজিক নিরাপত্তা ও সেবামূলক প্রতিষ্ঠানের সেবা নিশ্চিতকরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসনের মতবিনিময় সভায় তিনি এ দাবি করেন।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম এম শরীফুল করীমের সভাপতিত্বে সভায় সাম্প্রতিক বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের একমাত্র সন্তান হত্যার ঘটনাসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়গুলো নিয়ে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু, কুমিল্লা ওয়াসার চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমানসহ বিভিন্ন প্রশাসনিক দফতরের প্রতিনিধিরা।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তায় প্রশাসনের সহযোগিতা আরও ত্বরান্বিত করার আহ্বান জানান উপাচার্য প্রফেসর ড. এম এম শরীফুল করীম।
