খুলনায় গৃহবধূকে ধর্ষণের দায়ে যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় হোটেল কক্ষে আটকে রেখে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে সেলিম রেজা (২৮) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়।
মঙ্গলবার বিকালে খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক মো. আব্দুস ছালাম খান এ রায় ঘোষণা করেন। মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাড. ফরিদ আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেন। রায় ঘোষণাকালে আসামি সেলিম রেজা আদালতে উপস্থিত ছিলেন।

পুলিশ জানায়, ভুক্তভোগী গৃহবধূ তার মায়ের চিকিৎসার জন্য ডাক্তার দেখাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আসলে আসামি সেলিম রেজার সঙ্গে পরিচয় হয়। ২০১৯ সালের ১৮ অক্টোবর খুলনায় উন্নত চিকিৎসার জন্য ভারতীয় ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কথা বলে সোনাডাঙ্গার মজিদ স্মরণীতে হোটেলের একটি কক্ষে রেখে ওই গৃহবধূকে একাধিকবার ধর্ষণ করে আসামি সেলিম রেজা। একপর্যায়ে বিকালে হোটেল থেকে বেরিয়ে ওই গৃহবধূ বাড়ি চলে যায়।
তবে বিষয়টি জানাজানি হলে ২০২০ সালের ৭ মার্চ সোনাডাঙ্গা থানায় মামলা করেন গৃহবধূ। ২০২১ সালের ৩১ জানুয়ারি সোনাডাঙ্গা থানা পুলিশের উপ-পরিদর্শক খালিদ উদ্দিন আদালতে মামলার অভিযোগপত্র দাখিল করেন। আদালতে সাত জনের সাক্ষ্যগ্রহণ শেষে রায় ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights