গজারিয়ায় ইলেকট্রিক শক মেশিন দিয়ে মাছ শিকার, বিপাকে জেলেরা
মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনার শাখা নদীতে ব্যাটারিচালিত বৈদ্যুতিক শক দিয়ে রাতের আঁধারে মাছ শিকারের অভিযোগ উঠছে। অন্যদিকে, নদীতে দিন দিন মাছ কমতে থাকায় পরিবার পরিজন নিয়ে বিপাকে পড়েছেন জেলেরা।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার বড় রায়পাড়া, ভাটেরচর, ইসমানিরচর, নয়াকান্দি গ্রাম সংলগ্ন মেঘনা নদীর শাখা নদীতে রাতের আধারে কিছু অসাধু ব্যক্তি বৈদ্যুতিক শক মেশিন দিয়ে অবাধে মাছ শিকার করা হয়।
স্থানীয়রা জানান, কারেন জাল আর রিং জাল ব্যবহারে নদীতে এমনিতেই মাছ পাওয়া যায় না। বৈদ্যুতিক শক মেশিনে মাছ শিকার করায় মাছের পোনা, ডিমসহ অন্যান্য জলজপ্রাণিও মারা যাচ্ছে। এভাবে চলতে থাকলে এক সময় মাছের জন্য হাহাকার দেখা দিবে বলে জানান স্থানীয়রা।
নয়াকান্দি গ্রামের জেলে নিতাই ও সতীশ বলেন, নদীতে আগের তুলনায় মাছ পাওয়া যায় না। জেলেরা সারা দিন বসে থাকে জাল নিয়ে। সারা দিনে পাচঁশত টাকার মাছও পায় না। মেশিন দিয়েও ছোট বড় মাছগুলো মেরে ফেলা হচ্ছে যার ফলে মাছের সংকট দেখা দিয়েছে। সারাদিনে ২০০ টাকার মাছ পাই নাই। এভাবে চলতে থাকলে পরিবার-পরিজন নিয়ে অনাহারো দিন কাটাতে হবে।
এ বিষয়ে গজারিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা ইকবাল হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, নদীতে এ ধরনের বৈদ্যুতিক শক মেশিন দিয়ে মাছ শিকার করা হচ্ছে বলে আমার কাছে কোনো তথ্য নেই। তবে এ বিষয়ে খোঁজ-খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান এই কর্মকর্তা।
