গর্ভাবস্থায় কাঁচা দুধ খেয়েছিলেন মা, তাতেই শিশুর সর্বনাশ!

অনলাইন ডেস্ক
গর্ভাবস্থায় মা পান করেছিলে কাঁচা দুধ। আর তাতেই ভয়াবহ সংক্রমণে প্রাণ হারিয়েছে নবজাতক। যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের স্বাস্থ্য কর্মকর্তারা এই মর্মান্তিক ঘটনার কথা জানিয়ে জনসাধারণের প্রতি সতর্কবার্তা জারি করেছেন।

তারা জানিয়েছেন, ওই মা পাস্তুরিত না করা দুগ্ধজাত পণ্য পান করার ফলে শরীরে লিস্টেরিয়া ব্যাকটেরিয়ার সংক্রমণ ঘটেছিল, যা শেষ পর্যন্ত শিশুটির মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়।

তদন্তকারী কর্মকর্তারা গোপনীয়তার স্বার্থে নবজাতক বা তার পরিবার সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করেননি। তবে তারা জানিয়েছেন, শিশুটির মৃত্যুর সুনির্দিষ্ট কারণ শতভাগ নিশ্চিত করে বলা না গেলেও সংগৃহীত তথ্য ও সময়ের হিসাব অনুযায়ী কাঁচা দুধই এই সংক্রমণের সবচেয়ে বড় উৎস। মা গর্ভাবস্থায় এই দুধ পান করেছিলেন বলে জানা গেছে।

লিস্টেরিয়া এমন এক ধরণের জীবাণু যা গর্ভবতী নারীদের সামান্য অসুস্থ করলেও গর্ভস্থ সন্তানের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করে। এর ফলে গর্ভপাত, মৃত শিশু জন্মদান কিংবা নবজাতকের শরীরে প্রাণঘাতী সংক্রমণ হতে পারে।

সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার এবং রবার্ট এফ কেনেডি জুনিয়রের মতো প্রভাবশালী ব্যক্তিদের সমর্থনপুষ্ট বিভিন্ন স্বাস্থ্য আন্দোলনের ফলে যুক্তরাষ্ট্রে কাঁচা দুধের জনপ্রিয়তা ও বিক্রি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়ে বলেছেন, কাঁচা দুধে লিস্টেরিয়া ছাড়াও সালমোনেলা, ই-কোলাই এবং বার্ড ফ্লুর মতো ভয়াবহ সব রোগজীবাণু থাকতে পারে।

দুধকে একটি নির্দিষ্ট তাপমাত্রায় ফুটিয়ে বা পাস্তুরায়ন প্রক্রিয়ার মাধ্যমে এসব ক্ষতিকর ব্যাকটেরিয়া ও ভাইরাস ধ্বংস করা সম্ভব। বিশেষ করে শিশু, বৃদ্ধ এবং যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাদের জন্য কাঁচা দুধ পানের ঝুঁকি অপরিসীম।

সূত্র: এপি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights