গাংনীতে তরুণদের খেলাধুলায় ফেরাতে বসুন্ধরা শুভসংঘের ফুটবল বিতরণ

অনলাইন ডেস্ক

তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে মেহেরপুরের গাংনী উপজেলায় তিন মাসব্যাপী ফুটবল বিতরণ কর্মসূচি শুরু করেছে বসুন্ধরা শুভসংঘ।

বসুন্ধরা শুভসংঘ জানায়, এ কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন ফুটবল দল ও ক্লাবের খেলোয়াড়দের মাঝে ফুটবল বিতরণ করা হবে। একই সঙ্গে তরুণদের মধ্যে ক্রীড়াচর্চা, সুস্থ বিনোদন ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হবে।

বৃহস্পতিবার (৪ জুন) বিকালে উপজেলার রামনগর ফুটবল একাদশের খেলোয়াড়দের হাতে ফুটবল তুলে দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন শিক্ষক ও সমাজকর্মী মো. সবুজ খান।

তিনি বলেন, বর্তমান সময়ে তরুণদের সামনে নানা ধরনের চ্যালেঞ্জ রয়েছে। খেলাধুলা শুধু শরীর ও মনকে সুস্থ রাখে না, এটি নেতৃত্ব, শৃঙ্খলা ও দায়িত্ববোধও তৈরি করে। একজন সফল ক্রীড়াবিদ দেশবাসীর কাছে অনেক প্রিয় হয়ে উঠতে পারেন। জাতীয় দলের ফুটবলার হামজা চৌধুরী তার উদাহরণ। বর্তমান ক্রীড়া প্রতিমন্ত্রীও একজন ফুটবলার ছিলেন। তাই এই বয়সেই তরুণদের নিজেদের ভবিষ্যৎ লক্ষ্য নির্ধারণ করতে হবে।

ফুটবল পেয়ে রামনগর ফুটবল একাদশের অধিনায়ক দিহান আনন্দ প্রকাশ করে বলেন, ‘আমরা নিয়মিত বিকালে খেলাধুলা করি। নতুন ফুটবল পাওয়ায় আমাদের উৎসাহ ও দায়িত্ব দুটোই বেড়ে গেল। এখন আরও নিয়মিত অনুশীলন করতে পারব।’

কর্মসূচির দ্বিতীয় দিনে শুক্রবার (৫ জুন) পশ্চিম মালসাদহ (৫ নম্বর ওয়ার্ড) ফুটবল ক্লাবের খেলোয়াড়দের মাঝেও একটি ফুটবল বিতরণ করা হয়। ফুটবল পেয়ে ক্লাবের অধিনায়ক রাব্বি বলেন, ‘এই উপহার আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা। এতে আমাদের দায়িত্ব আরও বেড়ে গেল।’

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বসুন্ধরা শুভসংঘ গাংনী উপজেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফাহাদ হোসেন শিহাব। তিনি বলেন, ‘মাদক ও অনলাইন গেমিংয়ের সবচেয়ে কার্যকর প্রতিষেধক হলো খেলাধুলা। সুস্থ সমাজ গঠনে মাঠমুখী তরুণ প্রজন্মের কোনো বিকল্প নেই। খেলাধুলা একদিকে শারীরিক সুস্থতা নিশ্চিত করে, অন্যদিকে এটি পেশা হিসেবেও সম্ভাবনাময় ক্ষেত্র। আমাদের জেলার গর্ব ইমরুল কায়েস জাতীয় ও আন্তর্জাতিক ক্রিকেটে সাফল্যের মাধ্যমে সেই সম্ভাবনারই প্রমাণ রেখেছেন।’

অনুষ্ঠানে বসুন্ধরা শুভসংঘ গাংনী উপজেলা শাখার উপদেষ্টা পারভেজ সাজ্জাদ, সহসভাপতি আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক খায়রুল বাসার এবং কার্যনির্বাহী সদস্য জায়েদ কবির, ইয়াসিন হাবিব ও ওয়াহিদুজ্জামান স্বপ্নীল উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান পরিচালনা ও সঞ্চালনা করেন বসুন্ধরা শুভসংঘ গাংনী উপজেলা শাখার সভাপতি রাজু আহমেদ বনি। তিনি বলেন, ‘এই তিন মাসব্যাপী ফুটবল বিতরণ কর্মসূচির মূল উদ্দেশ্য তরুণদের খেলাধুলায় আরও সক্রিয় করা। শুধু আনন্দের জন্য নয়, খেলাধুলাকে ক্যারিয়ার হিসেবেও ভাবতে হবে। বিশ্বকাপের সময় উন্মাদনা সৃষ্টি করাই শেষ কথা নয়; নিয়মিত অনুশীলন ও পরিকল্পনার মাধ্যমে ফুটবলও হতে পারে কর্মসংস্থান ও সাফল্যের একটি বড় ক্ষেত্র।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights