গাইবান্ধায় অপহৃত শিশু বগুড়া থেকে উদ্ধার

গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধার গোবিন্দগঞ্জে অপহৃত শিশু বোরহান মিয়াকে (৬) বগুড়া থেকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক। এর আগে বুধবার রাতে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মাটিরডালি এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।

এদিন দুপুরে গোবিন্দগঞ্জ পৌর শহরের চাষকপাড়া এলাকা থেকে শিশুটিকে অপহরণ করা হয়। অপহৃত শিশু বোরহান মিয়া ওই এলাকার মিঠু মিয়ার ছেলে। পরে গোবিন্দগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করে শিশুটির পরিবার।

পুলিশ ও শিশুটির স্বজনরা জানান, বুধবার দুপুর ১টার দিকে থেকে নিখোঁজ হয় শিশু বোরহান। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। পরে এদিন বিকালে থানায় লিখিত অভিযোগ করেন শিশুটির মা বানী বেগম। পূর্ব শত্রুতার জের ধরে পাশ^বর্তী শফিকুল ইসলামের ছেলে আরিফ মিয়া (২৫) শিশুটিকে অপহরণ করেন বলে অভিযোগে বলা হয়।

অভিযুক্ত আরিফ মিয়া তাদের ভাগনি জামাই হন বলে জানা গেছে। পরে রাত সাড়ে ৯টার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মাটিরডালিতে অভিযুক্তকে আটক করে বোরহানের পরিবারকে খবর দেয় আটককারীরা। পরে সেখান থেকে তার বাবা-মা শিশু বোরহানকে উদ্ধার করে।

শিশুর মা বানী বেগম বলেন, বোরবানের বাবা একটি রিকশা ভাড়া নিয়ে দেয় আরিফকে। সেই রিকশাটি সে বিক্রি করে পালায়। পরে বোরবানের বাবা তাকে খুঁজে বের করে কয়েকটি থাপ্পর মারে। সেই ক্ষোভেই ছোট শিশু সন্তানকে অপহরণ করে নিয়ে যায় আরিফ।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক বলেন, অভিযোগ পেয়ে পুলিশ তৎপরতা শুরু করে। পরে শিশুটির বাবা-মা বগুড়ার শিবগঞ্জ থেকে তাকে উদ্ধার করে নিয়ে থানায় আসে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights