গাইবান্ধায় ভটভটি উল্টে মাছ ব্যবসায়ী নিহত

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পানিসহ মাছ বহনকারী ভটভটি উল্টে অমল কুমার দাস (৪০) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছে।

মঙ্গলবার সকালে পৌর শহরের গাইবান্ধা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত অমল কুমার দাস গোবিন্দগঞ্জ পৌর এলাকার ববনপুর গ্রামের হেমন্ত দাসের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে মাছ ব্যবসায়ী অমল কুমার দাস গ্রামের একটি পুকুর থেকে মাছ কিনে নিয়ে তা বিক্রির জন্য গোবিন্দগঞ্জ শহরে ফিরছিলেন। শহরের বোয়ালিয়া এলাকার গাইবান্ধা মোড় এলাকায় আসার পর নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে পূর্ণ মাছের গাড়িটি (ভটভটি) হঠাৎ উল্টে যায়। এতে গাড়ির নিচে চাপা পড়েন তিনি। এ সময় মাছের ভটভটির ইঞ্জিনের গরম পানিতে তার মুখ ও চোখের বিভিন্ন অংশ পুড়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights