‘গাজার কসাই’ নেতানিয়াহুকে আতিথ্য, আমিরাতকে ‘চড়া মূল্য’ দিতে হবে: ইরান

অনলাইন ডেস্ক
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গোপনে আতিথ্য দেওয়ার পরিণতি নিয়ে সংযুক্ত আরব আমিরাতকে সতর্ক করেছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (এসএনএসসি) সেক্রেটারি মেজর জেনারেল মোহসেন রেজাই। তিনি বলেছেন, আবুধাবিতে নেতানিয়াহুর গোপন সফরের জন্য আমিরাতকে ‘চড়া মূল্য’ দিতে হবে।

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে নেতানিয়াহুর সফরের প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার এক্সে দেওয়া এক পোস্টে রেজাই বলেন, মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে নিজেদের ভূখণ্ডে জায়গা দিয়েও যেভাবে আমিরাত নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি, একইভাবে ‘গাজার কসাই’কে আতিথ্য দেওয়ার ফলও সুখকর হবে না।

তিনি আরও বলেন, ‘বিগত যুদ্ধ থেকে শিক্ষা নিন, যুদ্ধ উসকে দেওয়া বন্ধ করুন এবং ইরানের দ্বীপগুলোর বিষয়ে ভিত্তিহীন দাবি উত্থাপন থেকে বিরত থাকুন।’

গত সোমবার সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে নেতানিয়াহুর সফরের বিষয়টি নিশ্চিত করা হয়। দেশটির সরকারি বার্তা সংস্থা এমিরেটস নিউজ এজেন্সি জানায়, সফরকালে নেতানিয়াহু আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক এবং কূটনৈতিক সহযোগিতা জোরদার ও উন্নয়নের উপায় নিয়ে আলোচনা হয়। ইসরায়েলি গণমাধ্যমেও বৈঠকের খবর প্রকাশিত হয়েছে।

ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক মার্কিন-ইসরায়েলি সামরিক অভিযানে আমিরাতের ভূমিকা, পারস্য উপসাগরে অবস্থিত ইরানের তিনটি দ্বীপের ওপর আবুধাবির দাবি এবং ইসরায়েলের সঙ্গে দেশটির ক্রমবর্ধমান সম্পর্ককে কেন্দ্র করে তেহরান-আবুধাবি উত্তেজনার মধ্যেই নেতানিয়াহুর এই সফর অনুষ্ঠিত হলো। তথ্যসূত্র: প্রেসটিভি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights