গাজীপুরে মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন
গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরে মেয়েকে ধর্ষণের ঘটনায় বাবার যাবজ্জীন কারাদণ্ড এবং এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। শিশু সহিংসতা দমন ট্রাইবুনাল, গাজীপুর মহানগরের বিচারক মো. আবু বক্কর সিদ্দিক বৃহস্পতিবার আদালতে আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
এসময় রাষ্ট্রপক্ষের সরকারি আইনজীবী (পিপি) মোছাম্মৎ সেলিনা বেগম এবং আসামি পক্ষের আনজীবী মো. সোহেল জামিল সরকারসহ অন্যান্য আইনজীবীগণ উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপক্ষের সরকারি আইনজীবী (পিপি) মোছাম্মৎ সেলিনা বেগম জানান, ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার পুরাতন দোহারো খুলুমবাড়ি এলাকার স্থানীয় মজিবুর রহমান মোল্লার ছেলে মো. রিপন হোসেন স্ত্রী মোসা. জোসনা বেগম (৩৯) এবং মেয়েকে (১৫) নিয়ে গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর থানাধীন মাধবপুরের বরিশালের টেক এলাকায় বসবাস করতেন। গত বছরের ২৬ মার্চ রাত ১০টার দিকে তারা ঘুমিয়ে পরেন। পরে ওই রাতেই ভিকটিমের বাবা মো. রিপন হোসেন জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় জিএমপির কাশিমপুর থানায় ভিকটিমের মা জোসনা বেগম পিতাকে আসামি করে মামলা দায়ের করেন এবং পুলিশ পিতাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেন। পরে কাশিমপুর থানার এস আই রোকন মিয়া তদন্ত শেষে গত ৩০ সেপ্টেম্বর আদালতে চার্জসিট দাখিল করেন। পরে আদালত গত ১১ মে চার্জ গঠন করেন এবং ৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেন। চার্জ গঠনের দুই মাসের মধ্যে বিচারক এ মামলায় রায় ঘোষণা করেন।
আসামিপক্ষের আনজীবী মো. সোহেল জামিন সরকার বলেন, বিবাদী পক্ষের আইনজীবী হিসেবে আমি এ রায়ে সংক্ষুব্ধ।
