গোবিপ্রবির নতুন উপাচার্যের দায়িত্ব গ্রহণ
গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান যোগদান করেছেন। বিশ্ববিদ্যালয়ের সপ্তম ভাইস-চ্যান্সেলর হিসেবে তিনি আজ মঙ্গলবার বিকেলে আনুষ্ঠানিকভাবে এই দায়িত্ব গ্রহণ করেন।
অধ্যাপক ড. মো. সোহেল হাসান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের শিক্ষক ছিলেন। পরে তিনি প্রায় দুই বছর ধরে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
অধ্যাপক ড. মো. সোহেল হাসান বলেন, ‘আমি এই শুভক্ষণে সবার দোয়া চাই। সবার সহযোগিতা চাই। আমাদের প্রতি মুহূর্তের কাজই হবে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের মঙ্গল কামনা করা; এবং সম্মিলিতভাবে এই বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাওয়া।
এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলরকে স্বাগত জানান। এদিন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা থেকে তার নিয়োগ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
