গোয়ায় আইপিএলের পরবর্তী নিলাম ডিসেম্বরে
অনলাইন ডেস্ক
চলতি বছরের ডিসেম্বরে গোয়ায় আইপিএলের পরবর্তী আসরের নিলাম অনুষ্ঠিত হবে। ফলে তিন বছর আবারও টুর্নামেন্টটির আসরের নিলাম ভারতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
সাইকিয়া এএনআই-কে বলেছেন, গত বছর সৌদি আরব, দুবাই এবং আবুধাবির মতো তিনটি বিদেশি স্থানে আইপিএল নিলাম আয়োজনের পর, এবার আমরা ডিসেম্বরে গোয়ায় এটি আয়োজন করতে যাচ্ছি। ক্রিকেট পোর্টাল ক্রিকইনফো গত সপ্তাহে জানিয়েছিল, আইপিএলের ২০২৭-এর নিলাম ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হবে। এটি হবে ২০২৩-২৭ চক্রের শেষ ‘মিনি-নিলাম’।
নিলামের তারিখও চূড়ান্ত করা হয়েছে, যদিও তা এখনও প্রকাশ করা হয়নি। তবে সাইকিয়া জানিয়েছেন, এটি ১৪ থেকে ১৬ ডিসেম্বরের মধ্যে অনুষ্ঠিত হতে পারে। যেহেতু এটি একটি ছোট আকারের নিলাম হবে বলে ধারণা করা হচ্ছে, তাই পুরো আয়োজনটি একদিনেই সম্পন্ন হবে।
আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর অধিকাংশের অনুরোধের প্রেক্ষিতে গভর্নিং কাউন্সিল সম্প্রতি ভারতে নিলামটি আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে। তবে আগামী বছর, যখন ‘মেগা নিলাম’ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, তখন হয়তো নিলামটি আবারও দেশের বাইরে আয়োজন করা হতে পারে।
২০২৪ সালে আইপিএল কর্তৃপক্ষ ঘোষণা করেছিল, ২০২৭ সালের আসরটি ১৪ মার্চ থেকে ৩০ মে-র মধ্যবর্তী সময়ে অনুষ্ঠিত হবে। গত সপ্তাহে বিসিসিআই-এর বার্ষিক সাধারণ সভার (এজিএম) পর সাইকিয়া সংবাদমাধ্যমকে জানান, মৌসুমটি মার্চের শেষের দিকে শুরু হবে। তবে আনুষ্ঠানিক তারিখ এখনও নিশ্চিত করা হয়নি। পরবর্তী আইপিএল শুরুর আগেই কিছু দলে খেলোয়াড়দের অদলবদল এবং কর্মী পর্যায়ে পরিবর্তন দেখা গেছে।
দুই দলের মধ্যে বড় ধরনের অদলবদলের মাধ্যমে ঋষভ পন্ত দিল্লি ক্যাপিটালসে (ডিসি) ফিরে এসেছেন এবং কুলদীপ যাদব ডিসি থেকে লখনউ সুপার জায়ান্টসে যোগ দিয়েছেন। মঙ্গলবার চেন্নাই সুপার কিংস ভারতের সাবেক দ্রুতগতির বোলার জহির খানকে তাদের প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে। অন্যদিকে আন্তর্জাতিক ও ভারতীয় ক্রিকেট থেকে অজিঙ্ক রাহানের অবসরের পর কলকাতা নাইট রাইডার্স নতুন অধিনায়কের সন্ধানে রয়েছে।
এদিকে মুম্বাই ইন্ডিয়ান্স জুবিন ভারুচাকে ‘ডিরেক্টর অফ পারফরম্যান্স’ হিসেবে দলে ভিড়িয়েছে। আইপিএল কর্তৃপক্ষ এখনও খেলোয়াড় ধরে রাখার (রিটেনশন) সময়সীমা ঘোষণা করেনি; সাধারণত এই সময়সীমা নভেম্বরের শেষের দিকে হয়ে থাকে।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বর্তমান আইপিএল চ্যাম্পিয়ন। তারা ২০২৫ ও ২০২৬ সালে টানা দুবার শিরোপা জিতেছে।
