গৌরনদীতে দোনলা বন্দুকের বাট তৈরি করায় কাঠমিস্ত্রি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালের গৌরনদীতে দোনলা বন্দুকের তৈরিকৃত বাটসহ নুরুল হক মোল্লা (৪২) নামে এক কাঠমিস্ত্রিকে পুলিশ গ্রেফতার করেছে। শুক্রবার ভোররাতে ওই উপজেলার শরিকল ইউনিয়নের উত্তর সাকোকাঠি গ্রামের একটি ফার্নিচারের দোকান থেকে বন্দুকের বাটসহ তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় গৌরনদীর শরিকল পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক মো, শাহিন সরকার ৩ জনকে আসামি করে সকালে গৌরনদী থানায় একটি মামলা দায়ের করেন।

শরিকল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. ফোরকান হোসেন জানান, বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে উত্তর সাকোকাঠি গ্রামে একটি ফার্নিচারের দোকানে বন্দুকের বাট তৈরি করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তদন্ত কেন্দ্রের পুলিশ ভোররাতে ওই ফার্নিচারের দোকানে অভিযান চালিয়ে দোনালা বন্দুকের জন্য তৈরিকৃত বাটসহ দোকান মালিক কাঠমিস্ত্রী নুরুল হক মোল্লাকে (৪৮) আটক করে।

এ ঘটনায় উপ-পরিদর্শক মো. শাহিন সরকার অভিযুক্ত হুমায়ন খলিফা, লিটন মোল্লা ও কাঠমিস্ত্রি নুরুল হক মোল্লাকে আসামি করে শুক্রবার সকালে গৌরনদী থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত নুরুল হককে শুক্রবার দুপুরে বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
পুলিশ পরিদর্শক মো. ফোরকান হোসেন আরও জানান, কার জন্য বন্দুকের বাট তৈরি করা হচ্ছিল ও বন্দুকটি কোথায় রয়েছে, কারা এর সঙ্গে জড়িত তাদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights