গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে বাংলাদেশ
অনলাইন ডেস্ক
বয়সভিত্তিক পুরুষ আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশন (আইএইচএফ) ট্রফিতে অনূর্ধ্ব-২০ বিভাগে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ দল।
শুক্রবার পল্টনস্থ শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে অনূর্ধ্ব-২০ বিভাগে মালদ্বীপের বিপক্ষে ৩৯-১৭ গোলে জয় পায় বাংলাদেশ। টানা দুই জয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে স্বাগতিকরা।
মালদ্বীপের বিপক্ষে জয়ে বড় ভূমিকা রাখেন সুমল তঞ্চঙ্গ্যা। ম্যাচে সর্বোচ্চ ৭টি করে গোল করেন সুমল ও সোহাগ আলী।
আগামীকাল ১৩ জুন শনিবার প্রথম সেমিফাইনালে গ্রুপ ‘বি’ চ্যাম্পিয়ন বাংলাদেশ মুখোমুখি হবে গ্রুপ ‘এ’ রানার্স আপ ইয়েমেনের। অন্য সেমিফাইনালে গ্রুপ ‘এ’ চ্যাম্পিয়ন ভারতের প্রতিপক্ষ ‘বি’ গ্রুপ রানার্স আপ মালদ্বীপ।
এর আগে দুপুরে অনূর্ধ্ব-১৮ বিভাগে বাংলাদেশকে ৩৫-৩৯ গোলে হারায় ভারত। ১৩ জুন শনিবার অনূর্ধ্ব-১৮ বিভাগে বাংলাদেশ মুখোমুখি হবে নেপালের। একই দিনে অন্য ম্যাচে ভারত খেলবে আফগানিস্তানের বিপক্ষে।
