ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন থিয়েটার চালু
দিনাজপুর প্রতিনিধি
দীর্ঘ ৫৯ বছর পর চালু প্রথম সিজারিয়ান সেকশনের মাধ্যমে অপরেশন থিয়েটারের যাত্রা শুরু করেছে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
প্রথম সিজারিয়ান অপরেশনে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনি কনসালটেন্ট ডা. খাদিজা বেগম নেতৃত্বে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অ্যানেস্থেনিয়া কনসালটেন্ট ডা. আদনান আরাফাত এবং মেডিকেল অফিসার ডা.সাদিয়া আফরিনসহ যৌথ টিম কাজ করেন। ওটি সেবায় প্রথম সিজারিয়ান অপারেশনে মাধ্যমে একটি ছেলে সন্তানের জন্মদান করা হয়। এতে হাসপাতালের পক্ষ থেকে সবাইকে মিষ্টিমুখ করানো হয়।
উপজেলার সূরা মসজিদ এলাকার নাইম মিয়ার প্রসূতী স্ত্রী সম্পা খাতুনের সিজারের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে অপারেশন থিয়েটার চালু করা হয়।
শনিবার বিকালে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সোলায়মান হোসেন মেহেদী ও সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ অপারেশন থিয়েটার উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন, ঘোড়াঘাট থানার ওসি মো. নাজমুল হক, এবি পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার সানি আব্দুল হক, জাতীয় নাগরিক কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. আব্দুল আহাদ, আবাসিক মেডিকেল অফিসার ডা.পার্থ জ্বীময় সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ মিয়া,সাংগঠনিক সম্পাদক মো. মাহফুজার রহমান লাবলু প্রমুখ।
এ বিষয়ে জাতীয় নাগরিক কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. আব্দুল আহাদ বলেন, ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অপারেশন থিয়েটার চালু হলো এটা ঘোড়াঘাটবাসীর জন্য নতুন দিগন্ত।এর মাধ্যমে ঘোড়াঘাটবাসি সিজার, হানির্য়া, অ্যাপেনডিসাইটিস ও অর্থোপেডিক্সের অপারেশনসহ অনেক মাইনর অপারেশনের এখানে সুযোগ পাবেন। জরুরী পরিস্থিতিতে রুটিন অপারেশন সেবাগুলো চালু থাকবে।
ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সোলায়মান হোসেন মেহেদী জানান, দীর্ঘ ৫৯ বছর পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন থিয়েটার কার্যক্রম চালু হওয়ায় এ উপজেলায় চিকিৎসা সেবা আরও এক ধাপ এগিয়ে যাবে। ফলে হাসপাতালে অপারেশনের ব্যবস্থা থাকায় মানুষের সময় ও আর্থিকভাবে সাশ্রয়ী হবে। এতদিন অপারেশন থিয়েটার ও যন্ত্রপাতি না থাকায় এই হাসপাতালে কোন রুগীর অপারেশন ও প্রসূতীর সিজার করা সম্ভব হয়নি। এখন অপারেশন থিয়েটার চালু হওয়ায় পাশ্ববর্তী কয়েক উপজেলার রোগীরা এখান থেকে বিনামূল্যে সেবা গ্রহণ করতে পারবেন।
