ঘোড়াঘাটে এক যুবকের লাশ উদ্ধার, স্ত্রী আটক

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের ঘোড়াঘাটে গলায় ওড়না পেঁচানো অবস্থায় শ্রী সুজন চৌধুরী (২৯) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে ঘোড়াঘাট উপজেলার কুলানন্দপুর উত্তরপাড়া গ্রামের মাঝিপাড়া এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই যুবকের স্ত্রী শ্রীমতি দুলালী রানীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় আনে পুলিশ।

স্থানীয়রা জানায়, গত ৬/৭ বছর পূর্বে চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা শ্রীমতি দুলালী রানীর সাথে ঘোড়াঘাটের কুলানন্দপুর গ্রামের হানছা লাল চৌধুরীর ছেলে সুজন চৌধুরীর সাথে বিয়ে হয়। রমেশ নামে সাড়ে ৪ বছর বয়সের তাদের একটি ছেলে সন্তান রয়েছে। প্রায় সময় দুলালী রানী মোবাইল ফোনে কথা বলতেন। এই নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকতো। ঘটনার দিন বুধবার দিবাগত রাতে খাওয়া দাওয়া শেষে স্বামী-স্ত্রী নিজ ঘরে ঘুমিয়ে পড়ে। বৃহস্পতিবার ভোরে সুজন চৌধুরীর পিতা হানছা লাল চৌধুরী ঘুম থেকে উঠে বাড়ির আঙ্গিনার পাশে বাশ ঝাঁড়ের নিচে তার পুত্রবধূকে অস্থির অবস্থায় দেখতে পেয়ে কারণ জিজ্ঞাসা করলে কোন উত্তর না পেয়ে তিনি ছেলের ঘরে গিয়ে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ছেলের লাশ দেখতে পায়। এ সময় তার চিৎকারে স্থানীয় লোকজন এসে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে নিশ্চিত করে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, শ্রী সুজন চৌধুরীর মরদেহ উদ্ধারসহ সন্দেহজনক হওয়ায় জিজ্ঞাসাবাদের জন্য তার স্ত্রীকে আটক করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights