চট্টগ্রাম কলেজে শিক্ষক সংকটে বিঘ্নিত গুণগত শিক্ষা

ইমরান এমি, চট্টগ্রাম

শিক্ষক সংকটে চলছে চট্টগ্রাম সরকারি কলেজ। ফলে শ্রেণী কার্যক্রম চালাতে হিমশিম খেতে হচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। সংশ্লিষ্টরা বলছেন, প্রতিটি বিভাগে ১৫ থেকে ২০ জন শিক্ষক প্রয়োজন। শিক্ষক নিয়োগে আমলাতান্ত্রিক জটিলতা, আবার পদ সৃষ্টি না হওয়ায় শিক্ষক নিয়োগ হচ্ছে না দীর্ঘদিন। এতে শিক্ষক সংকট নিয়েই চালাতে হচ্ছে শিক্ষা কার্যক্রম।

মানসম্মত ও গুণগত শিক্ষাব্যবস্থায় আদর্শ অনুপাত হিসেবে প্রতি ২৫ জন শিক্ষার্থীর জন্য ১ জন শিক্ষকের কথা বলা হলেও চট্টগ্রামের স্বনামধন্য এই কলেজে একজন শিক্ষকের বিপরীতে ১২০ থেকে ১৫০ জন শিক্ষার্থী রয়েছে। এতে কলেজের শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখতে হিমশিম খেতে হচ্ছে।

চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ মো. মোজাহিদুল ইসলাম বলেন, কলেজে যে পরিমাণ শিক্ষক প্রয়োজন সে পরিমাণ নেই। আমাদের কলেজে এইচএসসি থেকে মাস্টার্স পর্যন্ত শিক্ষার্থী আছে, কিন্তু সে পরিমাণে শিক্ষক নেই। আমাদের প্রায় প্রতিটি বিভাগেই শিক্ষক সংকট রয়েছে। পর্যাপ্ত শিক্ষক না থাকার কারণে গুণগত শিক্ষা নিশ্চিত করা যাচ্ছে না। প্রতিটি বিভাগে ১৫ থেকে ২০ জন শিক্ষক প্রয়োজন কিন্তু বিপরীতে দেখেন ভূগোলে আছে ২ জন শিক্ষক, গণিতে আছে ৭ জন এবং সমাজ বিজ্ঞানে ৬ জন। প্রতিটি বিভাগেই এমন অবস্থাতেই চলছে শিক্ষা কার্যক্রম। আসলে এসব বলতে বলতে আর বলার আগ্রহ নেই।

তিনি বলেন, আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। শিক্ষক নিয়োগে আমলাতান্ত্রিক জটিলতা, আবার পদ সৃষ্টি না হওয়ায় শিক্ষক নিয়োগ হচ্ছে না দীর্ঘদিন। এতে শিক্ষক সংকট নিয়েই আমাদের শিক্ষা কার্যক্রম চালাতে হচ্ছে। শিক্ষার গুণগত মান নিশ্চিতে শূন্য পদ পূরণ ও দ্রুত পদ সৃষ্টির মাধ্যমে শিক্ষক নিয়োগের কার্যকর ব্যবস্থা নিতে আমরা মন্ত্রণালয়কে একাধিকবার জানিয়েছি।

জানা গেছে, ১৯৭২ সালে শুরু হয় চট্টগ্রাম কলেজের সমাজবিজ্ঞান বিভাগে পাঠদান। এখন এই বিভাগের স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণিতে শিক্ষার্থী রয়েছেন প্রায় ১২শ’। উচ্চ মাধ্যমিক ও স্নাতকে (পাস কোর্স) শিক্ষার্থী রয়েছেন প্রায় এক হাজার। এর বাইরে কলেজের ১০টি বিভাগের প্রথম ও দ্বিতীয় বর্ষের প্রায় দুই হাজার শিক্ষার্থী ঐচ্ছ্যিক বিষয় হিসেবে সমাজবিজ্ঞান পড়েন। সবমিলিয়ে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৪ হাজার ২০০। তবে এতো শিক্ষার্থীকে পড়াতে শিক্ষক রয়েছেন মাত্র পাঁচজন। অর্থাৎ গড়ে ৮৪০ জন শিক্ষর্থীর জন্য শিক্ষক রয়েছেন মাত্র ১ জন। একইভাবে গণিত বিভাগে স্নাতক শ্রেণিতে পাঠদান শুরু হয় ১৯১০ সালে। বর্তমানে বিভাগটির স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণিতে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ১২শ। এর বাইরে উচ্চ মাধ্যমিক, স্নাতক (পাস কোর্স), ঐচ্ছ্যিক বিষয় হিসেবে গণিত পড়ানো হয় আরো প্রায় ১৮শ শিক্ষার্থীকে। সবমিলিয়ে বিভাগের শিক্ষার্থী সংখ্যা প্রায় তিন হাজার। তবে শিক্ষক রয়েছেন মাত্র পাঁচজন। অর্থাৎ গড়ে একজন শিক্ষকের বিপরীতে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৬০০ জন। চট্টগ্রাম কলেজের প্রতিটি বিভাগেই এমন ভয়াবহ শিক্ষক সংকট চলছে। বিপুল শিক্ষার্থীর কথা মাথায় রেখে নতুন নতুন পদ সৃষ্টি না করা এবং শূন্য পদে শিক্ষক পদায়ন না করায় শতবছরের ঐতিহ্যবাহী চট্টগ্রাম কলেজে এই অবস্থার সৃষ্টি হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, চট্টগ্রাম সরকারি কলেজে অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষক মিলিয়ে ১৫৭টি পদ রয়েছে। এরমধ্যে শূন্য রয়েছে ২২টি পদ। ১৩৫ জন শিক্ষক দিয়েই চলছে ১৬ হাজার শিক্ষার্থীর পাঠদান। কলেজের শূন্য পদ যেমন পূরণ হচ্ছে না, তেমনি চাহিদা অনুযায়ী নতুন পদও সৃষ্টি হচ্ছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights